IPL Stats: আইপিএলে ৯৯-এ আউট কোহলি-সহ ৫ ব্যাটার! সেঞ্চুরি ছাড়া সর্বাধিক রান কার জানেন?
IPL Stats: আইপিএলে এবার মাত্র তিনজন ব্যাটার শতরান পেয়েছেন। তাঁরা হলেন প্রিয়াংশ আর্য, অভিষেক শর্মা ও ঈশান কিষাণ।
আজ ইডেনে সেই সংখ্যা বাড়বে কিনা সেদিকে নজর থাকবে। আইপিএলের ইতিহাসে ৯৯ রানে আউট হয়েছেন ৫ জন ব্যাটার। তাঁদের মধ্যে বিরাট কোহলি রয়েছেন।

আইপিএলের ইতিহাসে বিরাট কোহলিই প্রথম ব্যাটার যিনি ৯৯ রানে আউট হন। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা ছিল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কোহলি করেন ৫৮ বলে ৯৯। শেষ বলে রান আউট হয়ে শতরান হাতছাড়া করেন। তবে জিতেছিল আরসিবি।
২০১৯ সালে ফিরোজ শাহ কোটলা (বর্তমান অরুণ জেটলি স্টেডিয়াম) স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে দিল্লির পৃথ্বী শ আউট হয়েছিলেন ৯৯ রানে। ৫৫ বল খেলেছিলেন। ম্যাচ দিল্লি জিতেছিল সুপার ওভারে।
২০২০ সালে আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইল ব্যক্তিগত ৯৯ রানে বোল্ড হন জোফ্রা আর্চারের বলে। সেই ম্যাচ জিতেছিল রাজস্থান। ওই বছরের আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ঈশান কিষাণ আরসিবির বিরুদ্ধে করেন ৯৯। ম্যাচটি সুপার ওভারে নিয়ে যেতে অবদান রাখেন। তবে সুপার ওভারে জেতে আরসিবি।
চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এমসিএ স্টেডিয়ামে ৯৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। চেন্নাই সুপার কিংস ২০২ রান তুলে জিতেছিল ১৩ রানে।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির শতরান নেই। তবে শতরান ছাড়া আইপিএলে সর্বাধিক রানের রেকর্ড তাঁরই দখলে। ধোনি আইপিএলে ৫৩৮৩ রান করেছেন। শতরান ছাড়া সর্বাধিক রান সংগ্রহের নিরিখে ধোনির পর কারা রয়েছেন সেই তালিকার দিকে নজর রাখা যাক:
রবিন উথাপ্পা (৪৯৫২), দীনেশ কার্তিক (৪৮৪২), ফাফ দু প্লেসি (৪৬৫২), গৌতম গম্ভীর (৪২১৭), কায়রন পোলার্ড (৩৪১২), শ্রেয়স আইয়ার (৩৩৯০), রবীন্দ্র জাদেজা (৩১২৫), পার্থিব প্যাটেল (২৮৪৮), নীতীশ রানা (২৮৪০), গ্লেন ম্যাক্সওয়েল (২৮১২), যুবরাজ সিং (২৭৫০), হার্দিক পাণ্ডিয়া (২৬২৯), আন্দ্রে রাসেল (২৫৩৯), জ্যাক কালিস (২৪২৭)।












Click it and Unblock the Notifications