IPL Statistics: আইপিএলে ডেথ ওভারে সর্বাধিক উইকেট ব্র্যাভোর, বুমরাহ-নারিনের দখলেও ঈর্ষণীয় কীর্তি
IPL Statistics: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। ইডেনে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
আইপিএলে গুরুত্বপূর্ণ সময় ডেথ ওভার। যা কোনও ইনিংসের শেষ ৫ ওভার ধরা হয়। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে সব দলই চায় বেশি রান তুলতে। আর তখনই কঠিন পরীক্ষা দিতে হয় বোলারদের।

আইপিএলের ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ১২৫ ইনিংসে ১০২টি উইকেট। তিনিই একমাত্র যিনি আইপিএলের ডেথ ওভারে শতাধিক উইকেট নিয়েছেন। ডট বলের সংখ্যা ৩৪৪।
লাসিথ মালিঙ্গার আইপিএলে ডেথ ওভারের উইকেটসংখ্যা ছুঁতে ভুবনেশ্বর কুমারের লাগবে পাঁচটি শিকার। মালিঙ্গা ১০৯ ইনিংসে ডেথ ওভারে হাত ঘুরিয়ে ৯০টি উইকেট নিয়েছেন। ডট বলের সংখ্যা ৩২০টি। ভুবনেশ্বর কুমার ১৩৯ ইনিংসে ডেথ ওভারে ৮৫টি উইকেট নিয়েছেন। ডট বল ৩৪৯।
আইপিএলের ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল করার নজির রয়েছে জসপ্রীত বুমরাহর। তিনি ১২০ ইনিংসে নিয়েছেন ৮০টি উইকেট, ডট বলের সংখ্যা ৩৭১। আইপিএলের ডেথ ওভারে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার পাঁচে রয়েছেন হর্ষল প্যাটেল। তিনি ৭১টি ইনিংসে ৬৩ উইকেট নিয়েছেন ১৬ থেকে ২০ ওভারের মধ্যে, ডট বল ২০৫টি।
মোহিত শর্মা ৮০টি আইপিএল ইনিংসে ডেথ ওভারে নিয়েছেন ৬১টি উইকেট। তিনি এই সময়কালে ১৮৭টি ডট বল করেছেন। সুনীল নারিনও ডেথ ওভারে কম যান না। এমনকী স্পিনারদের মধ্যে ডেথ ওভারে সর্বাধিক উইকেট দখল করেছেন কেকেআরের মিস্ট্রি স্পিনার।
আইপিএলের ডেথ ওভারে সুনীল নারিন ৯৬টি ইনিংসে হাত ঘুরিয়ে ২৭৭টি ডট বল করেছেন, উইকেট পেয়েছেন ৬০টি। মহম্মদ শামি আইপিএলের ডেথ ওভারে ৭৬ ইনিংসে ৫৮টি উইকেট নিয়েছেন, ডট বল ১৬৩টি।
এ ছাড়া ডেথ ওভারে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার প্রথম দশে রয়েছেন ক্রিস মরিস (৬৫ ইনিংসে ৫৫ উইকেট) এবং কাগিসো রাবাডা (৬৫ ইনিংসে ৫২টি উইকেট)। আশিস নেহরা ও সন্দীপ শর্মা ৪৬টি করে উইকেট নিয়েছেন আইপিএলের ডেথ ওভারে। আন্দ্রে রাসেল ও উমেশ যাদবের রয়েছে ৪৫টি করে উইকেট। জয়দেব উনাদকাট আইপিএল ম্যাচে শেষ পাঁচ ওভারের মধ্যে ৪৪টি উইকেট পেয়েছেন।
বিগত তিন মরশুম ধরে আইপিএলে ডেথ ওভারে দুরন্ত ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিচ্ছেন হর্ষল প্যাটেল। ২০২২ থেকে ২০২৪ অবধি আইপিএলের ডেথ ওভারে হর্ষল মোট ৩৭টি উইকেট নিয়েছেন ৩৯৩টি বল করে। ইকনমি ১০.১০।












Click it and Unblock the Notifications