IPL 2023: রাজস্থানের বিরুদ্ধে নাটকীয় জয়ে বেঁচে রইল সানরাইজার্স, চাহাল ছুঁলেন ব্রাভোকে
জয়পুরে হাই স্কোরিং ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৭। শেষ বলে জিততে জরুরি ছিল ছক্কা। সন্দীপ শর্মার বলে আবদুল সামাদের ক্যাচ তালুবন্দি হতেই সকলে ভেবেছিলেন, ছিটকে গেল অরেঞ্জ আর্মি।
যদিও এরপরই বেজে ওঠে নো বলের সাইরেন। শেষ বলে তাই দরকার হয়ে পড়ে চার রান। ছক্কা হাঁকিয়ে রুদ্ধশ্বাস জয় এনে দেন সামাদ। এই ছক্কাই ৪ উইকেটে ম্যাচ জিতিয়ে টিকিয়ে রাখল সানরাইজার্সকে। ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন সামাদ।

সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা ৩৪ বলে সর্বাধিক ৫৪ রান করেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে। আনমোলপ্রীত সিং ২৫ বলে ৩৩, রাহুল ত্রিপাঠী ২৯ বলে ৪৭, হেইনরিখ ক্লাসেন ১২ বলে ২৬, এইডেন মার্করাম ৫ বলে ৬ ও গ্লেন ফিলিপস ৭ বলে ২৫ রান করেন।
ফিলিপস যেভাবে ঝড় তুলেছিলেন তাতে তাঁর ক্যাচ শিমরন হেটমায়ার দারুণভাবে তালুবন্দি করায় ম্যাচ ঝুঁকেছিল রাজস্থানের দিকে। তখনও অপেক্ষায় ছিল শেষ ওভারের নাটক। দ্বিতীয় বলে ছক্কা মারেন আবদুল সামাদ। তাতে ম্যাচ জমে যায়। এরপর সন্দীপ ঘুরে দাঁড়ান দারুণ বোলিং করে। শেষ ওভারে জেতার জন্য ছক্কা মারতে গিয়ে ক্যাচও দেন সামাদ।
WHAT. A. GAME 😱😱
— IndianPremierLeague (@IPL) May 7, 2023
Abdul Samad wins it for the @SunRisers as he hits a maximum off the final delivery. #SRH win by 4 wickets.
Scorecard - https://t.co/1EMWKvcgh9 #TATAIPL #RRvSRH #IPL2023 pic.twitter.com/yh0WVMEbOz
যে বলটি রাজস্থানের জয় ও সানরাইজার্সের ছিটকে যাওয়া নিশ্চিত করার কথা ছিল, সেটিই থামিয়ে দিল গোলাপি ব্রিগেডের সেলিব্রেশন। ফ্রি হিটে ছক্কা হাঁকিয়ে অরেঞ্জ আর্মিকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন আবদুল সামাদ। ১৮তম ওভারে কুলদীপ যাদব দিয়েছিলেন ২৪ রান। সন্দীপ ১৬ রানের পুঁজি নিয়েও জেতাতে পারলেন না ওভারস্টেপের কারণে নো বল করায়।
মুরুগান অশ্বিন ও ওবেদ ম্যাককয়কে দিয়ে না করিয়ে শেষ দুই ওভার অনভিজ্ঞদের দিয়ে করানোর সমালোচিত হচ্ছেন সঞ্জু। যদিও তিনি বলেন, এই জন্যই আইপিএল স্পেশ্যাল। শেষ অবধি কিছু বলা যায় না। সন্দীপের উপর আস্থা ছিল। কিন্তু নো বলটাই সমস্যা করল। সানরাইজার্স ব্যাটারদের কৃতিত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর কথাও বলেন স্যামসন।

যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নেন। এর ফলে আইপিএলে ১৮৩টি উইকেট নিয়ে তিনি সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ডোয়েইন ব্রাভোকে ধরে ফেললেন। ব্রাভোর চেয়ে কম ম্যাচ খেলেই। কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ২১৪ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জস বাটলার ৯৫ রান করেন। স্যামসন ৬৬ রানে অপরাজিত থাকেন। যশস্বী জয়সওয়াল করেন ৩৫। শিমরন হেটমায়ার ৭ রানে অপরাজিত ছিলেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও মার্কো জানসেন।

রাজস্থান ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নয়ে উঠল সানরাইজার্স। দুই দলের কাছেই সব ম্যাচ ডু অর ডাই। রাজস্থানের পরের ম্যাচ কলকাতায় কেকেআরের বিরুদ্ধে। তারপর আরসিবি ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ আছে সঞ্জুদের। হায়দরাবাদের ম্যাচ বাকি লখনউ, গুজরাত, আরসিবি ও মুম্বইয়ের বিরুদ্ধে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications