IPL Retention: একদিনেই বদলে গেল পরিস্থিতি, কোন সিদ্ধান্তে আইপিএলে দর বাড়তে চলেছে ময়াঙ্ক ও নীতীশের?
IPL Retention: আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে, কাদের জন্য ব্যবহার করবে রাইট টু ম্যাচ কার্ড, তা ঠিক করার চুলচেরা বিশ্লেষণ চলছে। চলতি মাসেই আইপিএলের ১০ দলকে সিদ্ধান্ত জানাতে হবে বিসিসিআইকে।
এরই মধ্যে চলছে ভারত-বাংলাদেশ টি২০ আন্তর্জাতিক। গতকাল গোয়ালিয়রে অভিষেক হলো ময়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডির। এক লাফে বেড়ে গেল তাঁদের আইপিএল রিটেনশনের দর।

আইপিএল অভিষেকেই দুরন্ত গতিতে নজর কেড়েছেন ময়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। যদিও তাঁর ধামাকাদার পারফরম্যান্স চোট সারিয়ে ফিরতেই জায়গা করে দিয়েছে ভারতের টি২০ আন্তর্জাতিক দল। সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ কুমার রেড্ডিও আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন।
এই দুই ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক না হলে কোনও দল আনক্য়াপড ক্যাটাগরিতে তাঁদের ৪ কোটি টাকা দিয়ে ধরে রাখতে পারতো। কিন্তু ভারতীয় দলের হয়ে ম্যাচ খেলে ফেলায় আইপিএল রিটেনশনে তাঁদের দর বেড়ে পৌঁছে গেল ন্যূনতম ১১ কোটি টাকায়। ফলে পেসার ময়াঙ্ক ও অলরাউন্ডার নীতীশকে ধরে রাখতে তাঁদের দলগুলিকে অন্তত এই পরিমাণ অর্থ খরচ করতেই হবে।
আইপিএল রিটেনশনের নিয়ম অনুসারে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের কোনও একটিতে যদি কারও অভিষেক হয় তবে তিনি আনক্যাপড থেকে ক্যাপড ক্যাটাগরিতে পৌঁছে যাবেন। প্রথম তিন ক্যাপড ক্রিকেটারের রিটেনশন দর যথাক্রমে ১৮, ১৪ ও ১১ কোটি টাকা। ৪ ও ৫ নম্বর ক্রিকেটার হিসেবে ধরে রাখতে খরচ করতে হবে যথাক্রমে ১৮ ও ১৪ কোটি টাকা।
মনে করা হচ্ছে, লখনউ সুপার জায়ান্টস ময়াঙ্ককে প্রথম তিন রিটেনশনের মধ্যেই রাখতে চলেছে। লখনউ সুপার জায়ান্টস আর যাঁদের ধরে রাখতে পারে তাঁরা হলেন লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান ও মার্কাস স্টইনিস। তবে হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বা মেন্টর জাহির খান ময়াঙ্ককে ছাড়তে চাইবেন না বলেই খবর।
আইপিএলের সঙ্গে যুক্ত এক কর্তার দাবি, যেভাবে ময়াঙ্ককে প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস, তাতে তারা অন্তত তৃতীয় রিটেনশন হিসেবে ময়াঙ্ককে রেখে দিতে পারে। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও অভিষেক শর্মাকে রাখবে বলে জানা যাচ্ছে। নীতীশকে ধরে রাখলে তাঁরও দর উঠবে অন্তত ১১ কোটি। কিন্তু নীতীশকে অকশনে পাঠিয়ে তাঁকে রাইট টু ম্যাচ বিকল্পের মাধ্যমেও নিতে পারে সানরাইজার্স।












Click it and Unblock the Notifications