IPL: সবুজ মেরুন জার্সি পরে ইডেনে প্রবেশে বাধা, মোহনবাগানের দাবি খারিজ করে পাল্টা বিবৃতি কেকেআরের
বার্তা পাল্টা বার্তা, সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে কেকেআর-মোহনবাগানের। সমর্থকদের সবুজ মেরুন জার্সি পড়ে ইডেনে ম্যাচে প্রবেশের বাধা দেওয়ায় রবিবারই কেকেআর ম্যানেজমেন্টের প্রতি তীব্র ক্ষোভ উগরে দেয় মোহনবাগান। ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা বিবৃতি দিয়ে সবুজ মেরুন ক্লাবের যাবতীয় অভিযোগকে খারিজ করে দিল নাইট টিম ম্যানেজমেন্ট।
শনিবার কেকেআর-লখনউ ম্যাচ শুরুর আগে সবুজ মেরুন জার্সি ও মোহনবাগানের স্কার্ফ নিয়ে ইডেনে প্রবেশ করতে গেলে আটকানো হয় একদল দর্শককে। মোহনবাগান সমর্থকরা অভিযোগ করেন, তাঁদের বাধ্য করা হয় জার্সি উল্টো করে পড়ে মাঠে ঢুকতে।

তাঁদের আরও অভিযোগ ছিল, এমনকি মহিলা দর্শকদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে টিফো নিয়ে প্রবেশ করতে চাইলেও তাতেও বাধা দেওয়া হয়।
যদিও তাঁদের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগকে মাঠের বাইরে পাঠালেন নাইট ম্যানেজমেন্ট।
স্টেডিয়ামের প্রবেশপথে সমর্থকদের আটকানোর নেপথ্যে তাদের কোনও ভূমিকা নেই বলেও দাবি করেছে কেকেআর।
সোমবার একটি বিবৃতি দিয়ে কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জানানো হয়, 'গত ২০ মে কেকেআর বনাম লখনউ ম্যাচে কিছু সমর্থককে ইডেন গার্ডেন্সে ঢুকতে বাধা দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। এমন খবরই ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য, স্টেডিয়ামে কারা প্রবেশ করবেন না করবেন, তার দায়িত্ব কেকেআর ম্যানেজমেন্টের নয়। এই ম্যাচকে কাজে লাগিয়ে অ্যান্টি অ্যাম্বুশ মার্কেটিংয়ের চেষ্টা করা হচ্ছে।'

যদিও মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় ক্লাব এবং তার সমর্থকদের ভাবাবেগকে অপমান করেছে নাইট টিম ম্যানেজমেন্ট। সমর্থকদের প্রতি কেকেআর টিম ম্যানেজমেন্টের এই ব্যবহার ভালোভাবে মেনে নেয়নি সবুজ মেরুন ক্লাব।

রবিবার মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সচিব দেবাশিস দত্ত প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, এটা একজন ব্যক্তির অধিকার কে কোন জার্সি পড়ে কাকে সমর্থন জানাবে। কখনই এই অধিকারে হস্তক্ষেপ করা যায় না। আমরা কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কড়া সমালোচনা করছি। জাতীয় ক্লাবের আবেগে আঘাত করা হয়েছে।'
আইপিএল অভিযান কেকেআরের শেষ হলেও বিতর্ক মিটছে না। মোহনবাগান বনাম কেকেআর সংঘাতে সরগরম ময়দান। শনিবার লখনউ দল সবুজ মেরুন জার্সি পড়ে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামে।












Click it and Unblock the Notifications