IPL: পাঞ্জাব ম্যাচের আগেই কেকেআরের শক্তিবৃদ্ধি, নাইট শিবিরে যোগ দিলেন চার্লস
পাঞ্জাব কিংস ম্যাচের আগে শক্তি বাড়ল কেকেআরের। নাইট শিবিরে যোগ দিলেন জনসন চার্লস। সোমবার সকালেই কলকাতাতে চলে এলেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। কয়েকদিন আগেই লিটন দাসের পরিবর্ত হিসাবে জনসন চার্লসের নাম ঘোষণা করেন কেকেআর ম্যানেজমেন্ট। খুব দ্রুতই যে তিনি দলের সঙ্গে যোগ দেবেন তাও উল্লেখ করা হয়েছিল।
অবশেষে সোমবার সাত সকালেই নাইট শিবিরে পা রাখলেন চার্লস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে অবশ্য চার্লসের খেলার সম্ভাবনা নেই। পাঞ্জাব ম্যাচের পরও নাইট রাইডার্সের রয়েছে তিনটি ম্যাচ।

এ বারের আইপিএলের নিলামে লিটন দাসকে কিনলেও অনেক পরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তারকা। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। করেছিলেন মাত্র ৪ রান। এমনকি উইকেটরক্ষক হিসাবে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। ফলে আর খেলার সুযোগ পাননি।এরপর পারিবারিক কারণে দেশে ফিরে যান। তবে তাঁর পরিবর্ত খুঁজে নিতে দেরি করেনি নাইট টিম ম্যানেজমেন্ট।

আন্তজার্তিক ক্রিকেটে জনসন চার্লস পরিচিত মুখ । ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চার্লস। বিধ্বংসী ওপেনার হিসাবে সুনাম রয়েছে তাঁর।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৯৭১ রান করেছেন। এক মাস আগে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে টি-টোয়েন্টিতে মাত্র ৩৯ বলে শতরান করে ক্রিস গেলের রেকর্ড ভেঙেছেন তিনি। চার্লস আসায় কেকেআরের ব্যাটিং লাইনআপ আরও কিছুটা শক্তিশালী হল।
— KolkataKnightRiders (@KKRiders) May 8, 2023
সোমবার সন্ধ্যায় ইডেনে প্রীতির দলের মুখোমুখি হচ্ছে নাইটরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলেল কেকেআরের কাছে এই ম্যাচ ডু অর ডাই। প্রথম পর্বের ম্যাচে মোহালিতে পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হয়েছিল কেকেআরকে। নিজেদের ডেরায় অবশ্য হারের বদলা নেওয়া সুযোগও থাকছে নীতীশ রানার দলের কাছে।

বর্তমানে ১০ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে কেকেআর। ফলে জয় ছাড়া বিকল্প কিছু নেই কেকেঈরের কাছে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে নাইট শিবিরের। এই ম্যাচেও নাইট শিবিরের ভরসা বরুণ চক্রবর্তী, অনুকূল রায়ের মতো স্পিনাররাই।
অন্যদিকে খুব একটা ভালো জায়গায় নেই প্রীতির দলও। ১০ ম্যাচে ৫ জয় ৫ হার ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাঞ্জাব কিংস। প্লে অফের রাস্তা মসৃণ রাখতে হলে কেকেআরের বিরুদ্ধে জয় পেতেই হবে শিখর ধাওয়ানদের। প্রীতির মুখের হাসি চওড়া হবে নাকি বাদশার দল করবে বাজিমাৎ উত্তর দেবে ইডেন।












Click it and Unblock the Notifications