রবিবার আইপিএলের মেগা ফাইনাল। নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। চারবারে চ্যাম্পিয়ন সিএসকে রবিবার কাপ জিততে পারলেই পঞ্চম বার আইপিএল ট্রফি চলে যাবে ভারত মহাসাগরের তীরে। যদিও নিজেদের ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে হার্দিক পাণ্ডিয়ার দল।
দলগত শক্তিতে আপনি গুজরাত যে এগিয়ে তা মানছেন ক্রিকেট বিশ্লেষকরা। বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী থেকে ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার প্রত্যেকরই মত দলগত শক্তির বিচারে এগিয়ে গুজরাত। চারবারের চ্যাম্পিয়নদের অস্ত্র ধোনির অধিনায়কত্ব।
সৌরাশিসের বিশ্লেষণ, 'টুর্নামেন্টের সেরা দুটি দলই ফাইনালে উঠেছে অর্থাৎ যারা গ্রুপ পর্বে এক এবং দুইয়ে ছিল। প্লে অফের প্রথম ম্যাচে হেরে দারুণভাবে ফিরে এসেছে গুজরাত। গুজরাত দলের বোলিং বিভাগ অত্যন্ত শক্তিশালী। পার্পেল ক্যাপের লড়াইয়ে থাকা তিনজন বোলার শামি, রশিদ খান এবং মোহিত শর্মা তিনজনই এই দলের সদস্য।'
পাশাপাশি সৌরাশিস উল্লেখ করেছেন গিলের কথা চলতি আইপিএলে নতুন মহা তারকা হয়ে উঠেছেন শুভমান গিল। যে ফর্মে রয়েছেন তাতে যে কোন মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন তরুণ এই ব্যাটসম্যান। বাংলা দলের সহকারি কোচের কথায়, 'গিলতো দুরন্ত ছন্দে আছেই। তবে সাই সুদর্শন, ডেভিড মিলার, পাণ্ডিয়া প্রত্যেকেই প্রয়োজন মতো ব্যাটিংয়ে অবদান রেখেছেন।'
ছবি-সৌরাশিস লাহিড়ী ফেসবুক
গুজরাটের বিরুদ্ধে চেন্নাই দলের এক্স ফ্যাক্টর হতে পারে ধোনির মস্তিষ্ক। বাংলা দলের সহকারি কোচ জানিয়েছেন, 'চেন্নাই চারবারের চ্যাম্পিয়ন ওরা জানে বড় মঞ্চে কীভাবে পারফর্ম করতে হবে। ফাইনাল খেলার অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে। ওদের ধোনির মতো ক্যাপ্টেন থাকায় একটা বাড়তি সুবিধা পাবে সিএসকে। শুধু মাঠে দল পরিচালনায় নয়। একই সঙ্গে তুষার দেশপান্ডে, পাথিরানার মতো ক্রিকেটারদের যেভাবে ব্যবহার করছেন ধোনি তা এক কথায় অনবদ্য।'
বাংলা দলের অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারও মনে করছেন গুজরাট এবং কাপের মধ্যে রয়েছেন একজনই তিনি মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে চেন্নাই জিততে পারে শুধুমাত্র ধোনির অধিনায়কত্বের জোরে। রুকুর কথায়, 'এই ম্যাচে অবশ্যই গুজরাত এগিয়ে তবে মাহির মস্তিষ্কের থেকে নয়। সিএসকে জিততে পারে এই একটাই কারণে।'
ছবি- অনুষ্টুপ মজুমদার ইনস্টাগ্রাম
একইসঙ্গে অনুষ্টুপ মনে করেন, 'সিএসকে জিততে পারলে ধোনির জন্য মধুরেন সমাপয় হবে। মাহি এখনও নিজে কিছু ঘোষণা করেনি , তবে আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে এটাই শেষ আইপিএল হতে চলেছে। শেষ ম্যাচে গুজরাতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে, ফলে এই ম্যাচ হাড্ডাহাড্ডি হবেই।'
একইসঙ্গে অনুষ্টুপের বিশ্লেষণ, 'শুভমান গিল তো খেলছেই। তবে ম্যাচ জেতায় বোলাররা। পার্পল ক্যাপের লড়াইয়ে থাকা তিনজন বোলারাই গুজরাত দলে রয়েছে। রশিদ এবং নূর আহমেদের বোলিং বড় ফ্যাক্টর হতে পারে। খাতায় কলমে এগিয়ে গুজরাতই।'
পরিসংখ্যান, বিশ্লেষন থাকবে, কিন্তু ক্রিকেট ১ বলের খেলা। তাই ম্যাচে রং কখন বদলে যাবে তা আগাম আন্দাজ করা অসম্ভব।