IPL 2025: বিদেশিদের নিয়ে কড়া নীতি চাইছে আইপিএল দলগুলি, ‘ইচ্ছাকৃতভাবে’ সরে গেলে শাস্তির সুপারিশ
আইপিএল নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে কড়া অবস্থান নিতে চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলি। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিদেশি ক্রিকেটাররা আইপিএলে নাম লেখানোর পরও শেষ সময়ে গিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। এই প্রবণতা বন্ধ করতে বিসিসিআইকে কড়া অবস্থান নেওয়ার আর্জি জানালেন আইপিএল দলগুলির মালিকরা।
বুধবার সন্ধ্যায় মুম্বইতে বিসিসিআই সদর দফতরে আইপিএল মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বোর্ড কর্তারা। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিরয়ে আলোচনা হয়। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে সেই বৈঠকেই বিষয়টি নিয়ে কথা হয়। এবার বিদেশি ক্রিকেটারদের নিয়ে কড়া অবস্থান নিতে চাইছে দলগুলি।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে কোনও ক্রিকেটার যদি দেশের জন্য খেলতে যান, বা চোট পেয়ে খেলতে না পারেন, বা পরিবারের কারও সমস্যার জন্য নাম সরিয়ে নিতে বাধ্য হন, সেক্ষেত্রে আইপিএল দলগুলির কোনও আপত্তি নেই। কিন্তু তেমন কোনও বড় কারণ না দেখিয়ে সরে গেলে শাস্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। সংশ্লিষ্ট ক্রিকেটারকে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করার দাবি তুলেছে দলগুলি।
ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলে কোনো মরশুম শুরুর আগে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা নিয়মিতই। এর ফলে টিম ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদের মতে, শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের এভাবে সরে যাওয়া দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে। কারণ, তাঁদের মাথায় রেখেই কৌশল সাজানো হয়। পাশাপাশি শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় পেতেও ভুগতে হয় তাদের। এর ফলে এমন করা হলে সেই খেলোয়াড়কে আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ করার নিয়ম চায় ফ্র্যাঞ্চাইজিগুলো।
বিদেশি ক্রিকেটারেরা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না। মিনি নিলামে নাম লেখাচ্ছে। সে ক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। এটাও বন্ধ করতে চায় দলগুলি। সূত্রের খবর, মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে সরব হন কেকেআর কর্ণধার শাহরুখ খান। তাঁর সঙ্গে তর্কাতর্কি হয় পাঞ্জাব কিংসের নেস ওয়াডিয়ার।
বেশিরভাগ আইপিএল ফ্র্যাঞ্চাইজি চায় এবং আইপিএল ২০২৫-র আগে আগে মেগা নিলাম না করে একটি "ছোট নিলাম" হোক। বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যারা ছোট নিলাম চাইছে সেই দলগুলি হল সিএসকে, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। বড় নিলাম চাইছে পাঞ্জাব, লখনউ, দিল্লি, আরসিবি, গুজরাত।মেগা নিলামের সময়ের ব্যবধান ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করতে পারে বিসিসিআই।
বিসিসিআই জানিয়েছে, এই বৈঠকে যে প্রস্তাব বা সুপারিশ এসেছে তা খতিয়ে দেখবে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেগুলি পর্যালোচনার পর পরবর্তী আইপিএলের নিলাম ও টুর্নামেন্টের নিয়ম চূড়ান্ত করা হবে।












Click it and Unblock the Notifications