Sourav On DC: সৌরভ দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে? ওয়ানইন্ডিয়াকে কী বললেন মহারাজ?
Sourav Ganguly On Delhi Capitals: রিকি পন্টিংকে হেড কোচের পদ থেকে সরিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির ফ্র্যাঞ্চাইজি সাত মরশুমের পর ফের নতুন হেড কোচের সন্ধানে।
পন্টিংয়ের স্থলাভিষিক্ত কে হবেন? তা নিয়েই চলছে তুমুল জল্পনা। হেড কোচ নিয়োগের বিষয়ে গুরুত্ব পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত।

বিসিসিআইয়ের সভাপতি হিসেবে মেয়াদ শেষের পর সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন। অর্থাৎ ক্রিকেটীয় বিষয়ে শেষ কথা সৌরভই, দিল্লির ফ্র্যাঞ্চাইজি কর্তারা এই দায়িত্ব দিয়ে রেখেছেন সৌরভকেই।
একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গতকালই বলেছিলেন, রিকি পন্টিংকে সরানোর কথা। আজ দিল্লি ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পন্টিংকে অপসারণের কথা জানিয়েছে। আর তার পর থেকেই তুমুল চর্চা সৌরভকে নিয়ে।
ভারতের অন্যতম সফল অধিনায়ক আইপিএলে দিল্লি ক্য়াপিটালসেরই মেন্টরের ভূমিকায় ছিলেন। পরে ডিরেক্টর অব ক্রিকেট হন। অনেকেই মনে করছেন, দিল্লি ক্যাপিটালসের উচিত সৌরভকেই হেড কোচের দায়িত্বভার দেওয়া। টিম ইন্ডিয়া গড়ার মূল নায়ক সাফল্য এনে দিতেই পারেন দিল্লি ক্যাপিটালসকে।
সৌরভ এখন লন্ডনে রয়েছেন। চলতি মাসের শেষদিকে তাঁর কলকাতায় ফেরার কথা। সৌরভ ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, জিওফ্রে বয়কট একদম ঠিক কথা বলেছেন। এই কয়েক বছরে রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি।
আগামী মরশুমের আগে আইপিএলের মেগা নিলাম রয়েছে। সৌরভ তা নিয়ে কথা বলবেন ক্যাপিটালস কর্ণধারদের সঙ্গে। বেশ কিছু ভালো মানের প্লেয়ার নেওয়ার পরিকল্পনা রয়েছে। ইংল্যান্ডের জেমি স্মিথ রয়েছেন মহারাজের টার্গেটে। তাঁর কথায়, দিল্লি ক্যাপিটালসকে আইপিএল জেতাতে চাই।
সৌরভ ওই সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসে ভারতীয় কোচ নিয়োগের পক্ষেই সওয়াল করেছিলেন। ফলে সৌরভ যেমন হেড কোচ হতে পারেন বলে জল্পনা রয়েছে, তেমনই রাহুল দ্রাবিড়কেও হেড কোচ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় এ দলের কোচ হওয়ায় দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের পদ ছেড়েছিলেন। ভারতীয় হেড কোচ হিসেবে তাঁকে নিয়োগের ক্ষেত্রে তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা ছিল। এবার সৌরভ কি তাহলে দ্রাবিড়কে দিল্লির হেড কোচ করবেন?
সৌরভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দিল্লি ক্যাপিটালস কর্ণধার পার্থ জিন্দালের। তাঁরা জোরাজুরি করলে হেড কোচ হওয়ার অনুরোধ কি সৌরভ ফেরাতে পারবেন? সেটাও বড় প্রশ্ন। যদিও তাঁর দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে সৌরভ প্রতিক্রিয়া জানান ওয়ানইন্ডিয়া বাংলাকে।
সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে কোচিং করাবেন কিনা। সৌরভ জানান, "না, না আমি করব না।" এতেই স্পষ্ট ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেই তিনি আইপিএল জয়ের রণকৌশল সাজাতে চাইছেন। এখনই হেড কোচ হতে আগ্রহী নন। তবে পরিস্থিতি বদলাতেই পারে। যদিও সকলেই মনে করছেন, সৌরভের দিশাতেই সাফল্য পেতে পারে দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications