IPL:কলকাতায় আসার আগে অবসর জল্পনা আরও বাড়ালেন ধোনি
কলকাতায় খেলতে আসার আগে অবসরের আভাস দিয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলের শুরু থেকেই একটা গুঞ্জন ভারতীয় ক্রিকেট মহলে ভাসছিল, এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল।শুক্রবার রাতে নিজের খাস তালুকে দাঁড়িয়ে সেই জল্পনাই উস্কে দিলেন স্বয়ং মাহি।
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই হলুদ জার্সির সুতোয় বাঁধা। কিন্তু সেই সুতো কী এবার ছিঁড়তে চলেছে চলতি আইপিএলের পর।উত্তরটা স্পষ্ট নয়, শীতের সকালের মতোই কুঁয়াশায় ভরা।

শুক্রবার ঘরের মাঠে হায়দাবাদকে হেলায় হারানোর পরে অবসর নিয়ে যেন মুখ খুলেও খুললেন না প্রাক্তন ভারত অধিনায়ক। আকারে ইঙ্গিতে কিছু কী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন?
শুক্রবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সিএসকে অধিনায়ক বলেন,'এটা আমার কেরিয়ারের শেষ পর্যায়।২ বছর পর এখানে খেলতে এসে ভালো লাগছে। এখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে,স্নেহ দিয়েছে।ব্যাট করার পর্যাপ্ত সুযোগ না পেলেও আমার কোনও অভিযোগ নেই।তবে আমি এখনও আগের মতো খেলার ক্ষমতা রাখি।'

২০০৮ ৫ কোটি টাকায় মাহিকে দলে নিয়েছিল সিএসকে। তারপর থেকে ধোনি ২০০টিরও বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। মাহি এখনও পর্যন্ত আইপিএলে ২১৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন এবং ১২৬টি জিতেছেন এবং ৮৮টিতে হেরেছেন। চেন্নাই নিষিদ্ধ হওয়ার সময় রাইজিং পুনে সুপার জায়ান্টস দলের অধিনায়কত্ব করেন তিনি।একই সঙ্গে ২৩৯ ম্যাচের ২১০ ইনিংসে ২৪ হাফ সেঞ্চুরির সাহায্যে ৫০৩৭ রান করেছেন।মাঝে দুই বছর অন্য দলে খেলেছেন।

কিন্তু আইপিএলে হলুদ জার্সির সঙ্গে ধোনির যেন আত্মার সম্পর্ক। চারবার দলকে চ্যাম্পিয়ন করেছেন।দুই হাত ভরে সাফল্য দিয়েছেন। কিন্তু বয়স তো থেমে থাকবে না। একটা সময়ের পর সবাইকেই তাঁর সাম্রাজ্য ছাড়তে হয়। ব্যাতিক্রম হবেন না মাহিও। কিন্তু সেটা কী চলতি মরসুম শেষেই নাকি আরও কিছু সময় অব্যাহত থাকবে মাহি ম্যাজিক? কলকাতায় আসার জল্পনার পারদ উস্কে দিলেন বাংলার জামাই।












Click it and Unblock the Notifications