কীসের ভয়ে স্লেজিং করতে ভুলে গিয়েছে অস্ট্রেলিয়া, ফাঁস করলেন বীরু
বিস্ফোরক দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহওয়াগ।
আইপিএল চুক্তি নিয়ে সমস্যা হতে পারে, এই ভেবে ভারতের বিরুদ্ধে খেলার সময় স্লেজিং করতে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া দল। আইপিএলে বিশাল অঙ্কের টাকা দিয়ে সাধারণত অজি খেলোয়াড়দের বিরুদ্ধে চুক্তি করে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি। সেখানে যাতে কোনও সমস্যা না হয়, এটা ভেবেই ভারতীয় খেলোয়াড়দের সমঝে চলছেন স্টিভ স্মিথ বাহিনী।

এমনই বিস্ফোরক দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর দাবি, একদিনের সিরিজে ৪-১ হেরেছে অস্ট্রেলিয়া। ম্যাচ হারছে দেখেও বিবাদে জড়ায়নি অজিরা যা তাঁদের আগে করতে দেখা যেত। আর তার কারণ একটাই। স্মিথরা ভয় পেয়েছে আগামী বছর যাতে আইপিএল নিলামে এসবের জেরে কোনও সমস্যায় পড়তে না হয়।
অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ভেবেছেন ভারতীয় খেলোয়াড়দের খোঁচা দিলে ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাঁদের নিলামে ডাকাডাকির আগে অন্তত ভাববেন। কারণ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গেই অজিদের খেলতে হবে।
সাধারণত ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হলেই তা বেশ রোমাঞ্চকর হয়। উত্তেজক সিরিজে একে অপরের বিরুদ্ধে দারুণ লড়াই করে দল। গত মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও সেই লড়াই দেখা গিয়েছিল। তবে এবছরের আইপিএল নিলাম সামনেই আসছে। ফলে তার আগে ভারতীয়দের স্লেজিং করে বিপদ বাড়াতে চাইছেন না অজি খেলোয়াড়রা। এমনটাই দাবি বীরুর।












Click it and Unblock the Notifications