Rohit Sharma: গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর অভিযোগ, রোহিতকে পাল্টা বার্তা দিল আইপিএল সম্প্রচারকারী চ্যানেল
আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্স বিদায় নিতেই স্টার স্পোর্টসের বিরুদ্ধে সরব হয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের অভিযোগ ছিল বর্তমানে ভিউ বাড়ানোর জন্য ক্রিকেটারদের গোপনীয়তা লঙ্ঘন করছে সম্প্রচারকারী চ্যানেল। এই নিয়ে রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা বিবৃতি প্রকশ করেন। ২৪ ঘণ্টার মধ্যেই রোহিতকে পাল্টা জবাব দিল আইপিএল সম্প্রচারকারী চ্যানেল।
আইপিএল সম্প্রচারকারী স্টার স্পোর্টস সোমবার রোহিত শর্মাকে জড়িত কোনো ব্যক্তিগত কথোপকথনের অডিও সম্প্রচারের কথা অস্বীকার করেছে। ভারত অধিনায়কের তোলা গোপনীয়তা "লঙ্ঘন" করার অভিযোগও খারিজ করে দিয়েছে সম্প্রচারকারী চ্যানেল। একটি আইপিএল ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর কথা বার্তার অংশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত।

রোহিত স্টার স্পোর্টসকে সরাসরি নিশানা করে বলেন, 'স্টার স্পোর্টসকে আমার কথাবার্তার অংশ রেকর্ড করতে বারণ করা সত্ত্বেও ওরা ঠিক সেটাই করেছে। এবং তা সম্প্রচারও করেছে। এর মাধ্যমে পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হল। এক্সক্লুসিভ কনটেন্ট পেতে এবং শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত হচ্ছে। তাতে সমর্থক, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে ভরসা, বিশ্বাস ভেঙে যাবে। আশা করব শুভবুদ্ধির উদয় হবে।'
এখানেই থেমে না থেকে রোহিত আরও লেখেন, "ক্রিকেটাদের জীবন এখন খোলা পাতার মতো হয়ে গিয়েছে। কারণ ক্যামেরায় তাঁদের প্রতিটি মুহূর্ত আর কথাবার্তা রেকর্ড করা হচ্ছে। অথচ আমাদেরও বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত জীবন রয়েছে। মাঠেই হোক, কিংবা ট্রেনিংয়ের সময় সবকিছুই এখন রেকর্ড করা হয়।'
সোমবার স্টার স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, যে ক্লিপটি, ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি প্রশিক্ষণ সেশনের সময় নেওয়া হয়েছিল, সেখানে একজন সিনিয়র খেলোয়াড়কে তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলতে সাইডলাইনে দেখা যায়। এই কথোপকথনের কোন অডিও রেকর্ড বা সম্প্রচার করা হয়নি। ক্লিপটি শুধুমাত্র অনুশীলনের ফুটেজ হিসাবে রেকর্ড করা হয়েছিল। এর সঙ্গে স্টার স্পোর্টসের সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই।'
রোহিত এবং অভিষেকের ভিডিওটি কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে মুছে দিয়েছিল। কিন্তু তা ভাইরাল হয়ে যায়।এদিকে, রবিবার সোশ্যাল মিডিয়াতে ৬টি ছবি শেয়ার করেছেন রোহিত শর্মা। তিনি ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি হার্ট ইমোজি দিয়েছেন। রোহিতের এই পোস্টের সঙ্গে সঙ্গে তার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা আরও জোরদার হয়েছে।












Click it and Unblock the Notifications