হায়দরাবাদ ম্যাচ জয়ের পরই দুঃসংবাদ চেন্নাই সুপার কিংস শিবিরে। চোটের জন্য আরও এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। শুক্রবার রাতে চিপকে দক্ষিণী ডার্বিতে সানরাইজার্সকে হেলায় হারিয়েছে ধোনি বাহিনী।
ম্যাচ জয়ের পরে চেন্নাই দলের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, 'স্টোকস এখনও পুরোপুরি চোটমুক্ত হননি। ফলে আরও এক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।' শুক্রবারের ম্যাচে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি।
চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, এখনও ১০০% ফিট হতে পারেননি এই ব্রিটিশ অলরাউন্ডার। ফলে তাঁর আরও কিছুটা সময় লাগবে মাঠে নামতে। এই পরিস্থিতিতে স্টোকসের বাইরে থাকাটা ধাক্কা সিএসকে শিবিরের জন্য।
এই মুহূর্তে সিএসকে দল যেন মিনি হাসপাতাল। দলের একাধিক ক্রিকেটার চোটের কবলে পড়েছেন ।হাঁটুতে চোট নিয়েও খেলছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মাঠের বাইরে রয়েছেন দীপক চাহার। চোট মুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে সিমরনজিত সিংয়ের। চোটের জন্য মুকেশ চৌধুরী পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।
এই পরিস্থিতিতে বেন স্টোকসের আরও এক সপ্তাহ না থাকা কিছুটা হলেও অস্বস্তি বাড়ল চেন্নাই দলের। চোট সারিয়ে দীপক চাহার কবে মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই দুটি ম্যাচে খেলতে পারেননি। চেন্নাই টিম ম্যানেজমেন্ট যদিও দীপককে নিয়ে বাড়তি কোন ঝুঁকি নিতে চাইছে না।
শুক্রবারে হায়দরাবাদ ম্যাচে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন মাহি। কমলা বাহিনীকে হেলায় হারিয়ে আজ কলকাতায় আসছে ধোনি ব্রিগেড।আগামীকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হবে সিএসকে।