আইপিএলে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ায় সাসপেন্ড মুম্বই ক্রিকেটার
মুম্বই, ১৩ জুলাই : আইপিএলে রাজস্থানের ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল মুম্বইয়ের ক্রিকেটার হিকেন শাহ। অন্তর্তদন্তের পর এদিন তাকে সাসপেন্ড করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
জানা গিয়েছে, এবছরের আইপিএলের অষ্টম সংস্করণে রাজস্থানের ক্রিকেটার প্রবীণ তাম্বেকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত প্রস্তাব দেয় হিকেন শাহ। প্রবীণ ও হিকেন দুজনেই মুম্বই রঞ্জি দলে একসঙ্গে খেলেছে।

হিকেনের প্রস্তাব পাওয়ার পর তাম্বে সহ রাজস্থান রয়্যালস দল আইপিএল শুরুর আগেই গোটা বিষয়টি বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটিকে জানায়। এরপর বোর্ডের অন্তর্তদন্তে ঘটনার সত্যতা রয়েছে বলে জানা যায়। এরপরই এদিন সরকারিভাবে হিকেনকে সাসপেন্ড করার কথা জানিয়েছে বোর্ড।
সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বোর্ড জানায়, হিকেন শাহ বিসিসিআইয়ের নিয়ম ভাঙায় এই মুহূর্ত থেকে তাকে সাসপেন্ড করা হল। ক্রিকেটকে সর্বতোভাবে দুর্নীতি ও কলঙ্ক মুক্ত রাখার ব্যাপারেও জগমোহন ডালমিয়ার নেতৃত্বে ভারতীয় বোর্ড অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ৩০ বছর বয়সী হিকেন শাহ মুম্বইয়ের হয়ে ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।












Click it and Unblock the Notifications