IPL: সিএসকে ম্যাচ বিধি ভেঙে কড়া শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা
আশঙ্কাই সত্যি হল। বিঙি ভেঙে কড়া শাস্তির মুখে পড়লেন নাইট অধিনায়ক নীতীশ রানা। চেন্নাই ম্যাচ জিতলেও শাস্তি এড়াতে পারলেন না কেকেআর অধিনায়ক। সঙ্গে গোটা দলও।
রবিবার চিপকে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে পারেনি নাইট রাইডার্স। নির্ধারিত সময়ের থেকে ১ ওভার পিছিয়ে ছিল কেকেআর। তখনই আশঙ্কা করা গিয়েছিল শাস্তি মুখে পড়তে হবে কেকেআরকে। সেটাই সত্যি হল। বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নীতীশ রানা সহ গোটা দলের শাস্তির কথা ঘোষণা করা হল।

আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআর ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। চলতি মরসুমে নাইট ব্রিগেডের এটি দ্বিতীয় স্লো ওভার রেট। এই কারণে শুধু অধিনায়ক নন একই সঙ্গে গোটা দলও শাস্তির মুখে পড়েছে। অধিনায়ক নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকার জরিমানার পাশাপাশি দলের সকল সদস্যকে ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

চলতি আইপিএলে এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। সেই সময়ে অধিনায়ক নীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।
এদিকে, সিএসকের বিরুদ্ধে ম্যাচ জিতেই বিস্ফোরক অভিযোগ করলেন কেকেআর অধিনায়ক। ঘরের মাঠে সুবিধা না পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নাইট নেতা।
নীতীশ জানিয়েছেন, ''আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে আমরা ব্যাটিং উইকেটে খেললে ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়। ফলে ব্যাটারদের বার বার নিজেদের পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা বাকি দলগুলোকে করতে হয় না।''

চেন্নাইতে গিয়ে ১১ বছর পরে নাইট রাইডার্স জিতল। আর এর সিংহভাগ অবদান নীতিশ ও রিঙ্কু সিংয়ের। রিঙ্কু আউট হয়ে গেলেও রানা শেষমেশ উইকেটে থেকে দলকে ছয় উইকেটে জিতিয়েই মাঠ ছেড়েছেন।












Click it and Unblock the Notifications