RTM Card For IPL Auction: আইপিএল নিলামে পুরানো নিয়ম ফেরাতে পারে বিসিসিআই, রাইট টু ম্যাচ কার্ড কী?
RTM Card For IPL Auction: আইপিএল নিলাম সংক্রান্ত নিয়মাবলি চলতি মাসেই প্রকাশ করবে বিসিসিআই। বিশেষ করে কতজন প্লেয়ার ধরে রাখা যাবে সেদিকেই তাকিয়ে ১০টি দল।
জল্পনা রয়েছে, আইপিএলের নিলামে পুরানো একটি নিয়ম ফেরাতে পারে বিসিসিআই। তা হলো, রাইট টু ম্যাচ কার্ড। এই প্রতিবেদনে সেই বিষয়েই আলোকপাত করা হচ্ছে।

বিসিসিআই সম্প্রতি আইপিএলের ১০টি দলের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সেখানে মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে কয়েকটি দল সওয়াল করলেও বোর্ড এখনই তা বন্ধ করছে না। তবে কোনও দল যাতে তাদের কোর গ্রুপ ঠিক রাখতে পারে, সেজন্য বাড়ানো হতে পারে রিটেনশনের সংখ্যা।
প্লেয়ারদের ধরে রাখার জন্য রাইট টু ম্যাচ কার্ডের নিয়মও পুনরায় চালু হতে পারে। এই আরটিএম কার্ডের ফলে প্রাথমিকভাবে কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরেও নিলাম থেকে তাঁকে নেওয়ার পথ খোলা থাকে। রাইট টু ম্যাচ নামেই বিষয়টি স্পষ্ট, তবু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ধরা যাক, কোনও ক্রিকেটারকে একটি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল। তাঁর নাম নিলামে উঠলে দর কষাকষি চলতে থাকবে। সর্বাধিক দর ওঠার পরই রাইট টু ম্যাচ কার্ড গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সেই কার্ড প্রয়োগে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ধরে রাখতে পারবে পুরানো দল।
বিষয়টি আরেকটু খোলসা করা যাক। যেমন- মিচেল স্টার্ককে কেকেআর ছেড়ে দিল। তাঁর নাম থাকল নিলামে। এবার দিল্লি ক্যাপিটালস যদি স্টার্ককে নিতে সর্বাধিক দর দেয়, তখন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি কেকেআরের কাছে জানতে চাইবেন তারা আরটিএম কার্ড ব্যবহার করবে কিনা। যদি দিল্লির দেওয়া দর দিতে কেকেআর রাজি থাকে, তাহলে স্টার্ক কেকেআরেই থাকবেন নয়া দরে।
আরটিএম কার্ডের নিয়ম প্রথম চালু হয়েছিল ২০১৪ সালে। তখন এটাকে বলা হতো জোকার কার্ড। ২০১৮ সালের মেগা নিলামেও ছিল আরটিএম কার্ড। সেবার এই কার্ড প্রয়োগে ফাফ দু প্লেসি ও ডোয়েইন ব্র্যাভোকে ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংস। কেকেআর ধরে রেখেছিল রবিন উথাপ্পা ও পীযূষ চাওলাকে।
২০২২-এ আইপিএলের সর্বশেষ মেগা নিলাম হয়েছিল। তখন আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ ছিল না। এখন দেখার কতগুলি আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে। প্লেয়ার ধরে রাখার সংখ্যা আগের মতোই থাকে, নাকি সংখ্যা বাড়ানো হয় তার উপর নির্ভর করবে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎও।












Click it and Unblock the Notifications