IPL Auction 2024: স্টোকস, রুটদের আর কখনও দেখা যাবে আইপিএলে? বিসিসিআইয়ের কড়া অবস্থানে কমছে সম্ভাবনা
IPL Auction 2024: আইপিএলের আসরে বেন স্টোকস, জো রুটদের আর কোনওদিন খেলতে দেখা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। যার মূল কারণ বিসিসিআইয়ের কড়া অবস্থান।
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকসের সঙ্গে এবারের আইপিএল মেগা নিলামে নাম লেখাননি ইংল্যান্ডের প্রাক্তন তারকা জো রুট। যার জেরে তাঁরা শুধু ২০২৫ সালেই নয়, খেলতে পারবেন না ২০২৬ সালের আইপিএলেও।

আইপিএলের রিটেনশন সংক্রান্ত নিয়ম চূড়ান্ত করার আগে ১০ দলের কর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিসিআই কর্তারা। সেই বৈঠকেই বিদেশি ক্রিকেটারদের মতিগতি নিয়ে নানা বিষয়ের কথা উঠে আসে। প্রত্যাশামতো দর না পেলে সরে দাঁড়ানো, চালাকি করে মিনি নিলামে নাম লেখানো যার অন্যতম।
এরপরই বিসিসিআই জানিয়ে দেয়, এবারের মেগা নিলামের জন্য যাঁরা নিজেদের নাম লেখাবেন না, তাঁরা পরের বছরের নিলামেও নাম লিপিবদ্ধ করাতে পারবেন না। উল্লেখ্য, আইপিএলের মেগা নিলাম চার বছর অন্তর হয়। আগামী বছর থাকবে মিনি অকশন।
২০২৭ সালের আইপিএলের আগে যে মিনি নিলাম হবে তাতে অবশ্য এবারের মেগা নিলামে নাম না লেখানো ক্রিকেটাররা দল-প্রত্যাশী হতেই পারেন। কিন্তু তখনও স্টোকস, রুটের মতো বিশ্ব ক্রিকেটের তারকারা আইপিএল খেলতে আগ্রহ দেখাবেন কিনা সেটাও প্রশ্ন। মনে করা হচ্ছে, টেস্ট সিরিজে ফোকাস করতেই আইপিএল-বিমুখ হলেন স্টোকস ও রুট।
প্রশ্ন উঠতেই পারে, বিসিসিআই কেন এমন নিয়ম চালু করল? বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে অনেক ক্রিকেটার মেগা নিলামে নাম লেখাননি। মিনি নিলামে নাম লিখিয়ে বিরাট দর পেয়ে গিয়েছেন। বেন স্টোকসকে ২০২৩ সালে মিনি নিলাম থেকে চেন্নাই সুপার কিংস কেনে ১৬.২৫ কোটি টাকা দিয়ে।
স্টোকস আইপিএলে প্রথম আসেন ২০১৭ সালের মিনি নিলাম থেকেই। সেবার রাইজিং পুনে সুপার জায়ান্ট তাঁকে কিনেছিল ১৪.২৫ কোটি টাকায়। ২০১৮ সালে মেগা নিলামে তাঁর দর কমে হয় সাড়ে ১২ কোটি। গত মিনি নিলামেই মিচেল স্টার্ক সবচেয়ে বেশি দর পেয়েছিলেন।
প্যাট কামিন্সের ২০২১ সালের মিনি নিলামে দর উঠেছিল সাড়ে ১৫ কোটি টাকা, কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। গত বছর মিনি নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কেনে সাড়ে ২০ কোটি টাকা দিয়ে। কিন্তু এই কামিন্সেরই ২০২২ সালের মেগা নিলামে দর ওঠে মাত্র ৭.২৫ কোটি টাকা।
ক্রিকেটারদের এইসব চুক্তির ক্ষেত্রে ভূমিকা থাকে প্লেয়ারদের এজেন্টদের। তাঁরা স্ট্র্যাটেজি ঠিক করেন। মেগা নিলামের চেয়ে মিনি নিলামে বেশি দর পাওয়ার সম্ভাবনা থাকায় মিনি নিলামেই অনেকে আগ্রহ দেখাচ্ছিলেন। তবে বোর্ডের পদক্ষেপে সেই চালাকি আর চলবে না।
অনেক সময় দেখা গিয়েছে, নিলাম থেকে কোনও বিদেশিকে কেনা হলো। কিন্তু সেই বিদেশি চোট বা অন্য কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। যার অন্যতম কারণ, আইপিএলের নিলামে প্রত্যাশিত দর না পাওয়া। এই ব্যাপারেও কড়া বিসিসিআই। যথোপযুক্ত কারণ ছাড়া যাঁরা সরে দাঁড়াবেন তাঁদের ২ বছর আইপিএল খেলতে দেওয়া হবে না বলেও জানিয়েছে বোর্ড।












Click it and Unblock the Notifications