IPL Auction 2024: ঋষভকে নিতে ঝাঁপাচ্ছে কেকেআর? লড়াই কাদের সঙ্গে? পন্থের রেকর্ড দরের অপেক্ষায় রায়না
IPL Auction 2024: আইপিএলে আজ হতে পারে সর্বকালীন রেকর্ড। সৌদি আরবের জেদ্দায় নিলাম শুরু হবে মার্কি প্লেয়ারদের দিয়ে।
সেখানেই শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থকে নিয়ে সবচেয়ে বেশি দর কষাকষির সম্ভাবনা। দৌড়ে রয়েছেন লোকেশ রাহুলও। তবে প্রথম ২ জনকে তাঁর পিছনে ফেলার সম্ভাবনা কম অবস্থানগত কারণেই।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দর দিয়ে গত বছরের মিনি অকশন থেকে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের দর উঠেছিল ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। তবে সেই দর এবার ঋষভ পন্থই ভেঙে ২৫ কোটির গণ্ডি ছাড়াতে পারেন বলে চর্চা তুঙ্গে।
ঋষভকে অধিনায়ক রাখতে রাজি নয় দিল্লি ক্যাপিটালস। সেই কারণেই সেই দলে থাকতে চাননি পন্থ। দফায় দফায় আলোচনার পর হয় বিচ্ছেদ। ২০১৬ সাল থেকে দিল্লিতে ছিলেন পন্থ। তবে এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে অনেকগুলি দল অধিনায়ক করতে পারে।
পন্থকে পাওয়ার নিরিখে ফেভারিট পাঞ্জাব কিংস। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ অর্থ। চেন্নাই সুপার কিংসও পন্থকে নিতে পারে। পন্থের জন্য দিল্লি ক্যাপিটালসের রাইট টু ম্যাচ প্রয়োগের সম্ভাবনা কম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নিতে পারে পন্থকে।
সুরেশ রায়না মনে করছেন পন্থের দর ২৫ কোটি টাকার মাইলস্টোন ছাড়াতে পারে। তাঁর কথায়, ব্যাটিং, কিপিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও পন্থ দারুণ। যে কোনও দল তাঁকে পেতে চাইবে। পন্থের এক্স ফ্যাক্টর কোনও দলের কর্ণধাররা বা কোচেরা মিস করতে চাইবেন না।
রায়নার মতে, পন্থকে নেওয়ার মতো অর্থ রয়েছে পাঞ্জাব, দিল্লি, কেকেআর আর আরসিবির। ফলে ২৫ কোটি টাকার চেয়েও ৪-৫ কোটি টাকা বেশি দর উঠতে পারে পন্থের। পন্থের সঙ্গে ক্রিকেটারদেরও দারুণ সম্পর্ক। তাঁরা তাঁর নেতৃত্বে খেলতে পছন্দ করেন। এটাও বড় দিক।
পন্থকে চেন্নাই সুপার কিংস নিতে পারবে না বাজেটের কারণে, মত রায়নার। তবে কলকাতা নাইট রাইডার্স পন্থকে নিয়ে অধিনায়ক করে দিতে পারে বলে মনে করেন তিনি। আরসিবির অধিনায়ক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষে পাঞ্জাব কিংস, নাকি অন্য কোনও দল পন্থকে নিয়ে শেষ হাসি হাসে সেটার উত্তর কয়েক ঘণ্টা পরই মিলবে।












Click it and Unblock the Notifications