IPL Auction 2024: মিচেল স্টার্কের দরের রেকর্ড ভেঙে যাবে আইপিএল নিলামেই, পাঠানের বাজি কে?
IPL Auction 2024: আইপিএল নিলামের ইতিহাসে এবার হতে পারে অনবদ্য রেকর্ড। ভেঙে যেতে পারে মিচেল স্টার্কের নজির। তেমনই মনে করছেন ইরফান পাঠান।
লোকেশ রাহুল, জস বাটলার, শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহালদের নিয়ে আইপিএল নিলামে কাড়াকাড়ি হতে পারে। তবে সকলকে টেক্কা দিতে চলেছেন দিল্লি ক্যাপিটালসে ব্রাত্য ঋষভ পন্থ, ভবিষ্যদ্বাণী পাঠানের।

কলকাতা নাইট রাইডার্স গত বছর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের জন্য খরচ করেছিল ২৪.৭৫ কোটি টাকা। আইপিএলে এত দর কোনও ক্রিকেটার কখনও পাননি। তবে একটি মরশুম রেখেই স্টার্ককে ছেড়ে দিয়েছে কেকেআর।
ঋষভ পন্থকে ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। পন্থ একাধারে বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার। যে কোনও সময় ম্যাচের মোড় ঘোরাতে পারেন। সেই সঙ্গে আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। এবার একাধিক দল রয়েছে অধিনায়কের সন্ধানে।
মনে করা হচ্ছে, পন্থকে নেওয়ার চেষ্টা করতে পারে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা কলকাতা নাইট রাইডার্সও চেষ্টা চালাতে পারে। তবে সবচেয়ে বেশি অর্থ থাকায় বাকিদের চেয়ে এগিয়ে পাঞ্জাব কিংস।
পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং। তাঁর সঙ্গেও পন্থের ঘনিষ্ঠতা রয়েছে। ফলে পাঞ্জাব কিংস পন্থকে অধিনায়ক করার পরিকল্পনা করে রাখতে পারে বলে চর্চা চলছে। আবার মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে পন্থকে নিতে পারে চেন্নাই সুপার কিংস।
এই আবহে ইরফান পাঠান এক্স হ্যান্ডলে লিখেছেন, নিলামে মিচেল স্টার্কের রেকর্ডটি আর নিরাপদ নয়। ঋষভ পন্থ সেটি ভাঙার জন্য তৈরি হচ্ছেন। উল্লেখ্য, পন্থ যে এবার ২০ কোটি টাকার বেশি পাবেন সেটা বোঝাই যাচ্ছে। ২৫ কোটির মাইলস্টোন তিনি ছুঁতে পারেন কিনা সেটা স্পষ্ট হবে রবিবার বিকেলেই।
২০১৬ সালে পন্থকে ১.৬ কোটি টাকায় কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৮ সালের মেগা নিলামের আগে তাঁকে ধরে রাখা হয় ৮ কোটি টাকায়। ২০১৯ সাল থেকে এই দলের নাম হয় দিল্লি ক্যাপিটালস। ২০২২ সালের মেগা নিলামের আগে পন্থকে ক্যাপিটালস ধরে রাখে ১৬ কোটি টাকায়। সেটি এবার অনেকটাই বাড়তে পারে।












Click it and Unblock the Notifications