IPL Auction 2024: দিল্লি ক্যাপিটালস কেন ধরে রাখেনি? গাভাসকরের দাবি উড়িয়ে আভাস পন্থের
IPL Auction 2024: আইপিএলে ঋষভ পন্থ এবার এক হ্যান্ডলে খারিজ করে দিলেন সুনীল গাভাসকরের দাবি। দিল্লি ক্যাপিটালস তাঁকে কেন ধরে রাখেনি, সেই আভাসও দিলেন পন্থ।
সুনীল গাভাসকর স্টার স্পোর্টসে পন্থকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। টুইট করে তারই পাল্টা দিলেন পন্থ।

সুনীল গাভাসকরের বক্তব্য ছিল, আইপিএল রিটেনশন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। ক্রিকেটারদের ধরে রাখতে তাঁদের সঙ্গে কথা হয় ফ্র্যাঞ্চাইজিগুলির। যেখানে উঠে আসে বেতনের প্রসঙ্গ। এবারেও দেখা গিয়েছে, নির্ধারিত অর্থের মাপকাঠির চেয়েও কোনও ক্রিকেটারকে বেশি অঙ্কের চুক্তিতে সই করিয়েছে দলগুলি।
সানির ধারণা, পন্থের সঙ্গেও নিশ্চিতভাবেই দিল্লি ক্যাপিটালসের কর্তাদের কথা হয়েছে। সেক্ষেত্রে তাঁকে ধরে না রাখার অন্যতম কারণ হতে পারে অর্থ। তবে সানি মনে করেন, আইপিএল নিলামে পন্থকে নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি ক্যাপিটালস।
সানি বলেন, পন্থকে না নিলে দিল্লি ক্যাপিটালসকে নতুন অধিনায়কের সন্ধান করতে হবে। সে কারণে আমার ধারণা দিল্লি ক্যাপিটালস আইপিএল নিলাম থেকে পন্থকে ফেরাতে চাইবে। যদিও তেমন সম্ভাবনা যে নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে পন্থের টুইটে।
My retention wasn’t about the money for sure that I can say 🤍
— Rishabh Pant (@RishabhPant17) November 19, 2024
পন্থ গাভাসকরের বক্তব্য সম্বলিত স্টার স্পোর্টসের ভিডিও-র প্রেক্ষিতে লিখেছেন, আমি নিশ্চিতভাবেই বলতে পারি আমার রিটেনশনের বিষয়ে কোনও আর্থিক কারণ নেই। আর তাতেই কার্যত সিলমোহর পড়ে গেল এক বড় জল্পনায়।
অনেকদিন ধরেই চর্চা চলছে যে, পন্থকে ধরে রাখতে দিল্লি ক্যাপিটালসের আপত্তি ছিল না। কিন্তু নতুন ম্যানেজমেন্ট কোনওভাবেই পন্থকে অধিনায়ক হিসেবে রাখতে চায়নি। পন্থও শেষ অবধি অনড় ছিলেন দিল্লিতে খেলতে হলে ক্যাপ্টেন্সির ব্যাটনও যাতে তাঁর হাতেই থাকে।
ফলে পন্থ যেখানে স্পষ্ট করে দিলেন যে তাঁর রিটেনশনের কারণে অর্থ কোনও কারণ নয়, তাহলে বোঝা যাচ্ছে অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েনেই দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে পন্থের। এমনকী তাতে তাঁকে যে দিল্লি ক্যাপিটালস আইপিএলেও নিতে চাইবে না সেটাও স্পষ্ট।
আইপিএল নিলাম থেকে শ্রেয়স আইয়ারকে নিলে তাঁকে, নয়তো অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন করতে পারে দিল্লি ক্যাপিটালস। পন্থের টুইট দেখে কোনও নেটাগরিক লিখছেন, তাঁকে চেন্নাই সুপার কিংসে দেখতে চান। কেউ আবার চান মুম্বই ইন্ডিয়ান্সে। পন্থ ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন। দিল্লি ডেয়ারডেভিলস ও পরে দলের নাম পরিবর্তনের পর দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। অন্য কোনও দলে যাননি। যদিও আগামী বছর তাঁকে নতুন জার্সিতে আইপিএলে দেখার সম্ভাবনা প্রবল।












Click it and Unblock the Notifications