IPL Auction 2024: ব্যাটিং বিভাগ প্রায় তৈরি, আইপিএল নিলামে ভারতীয় বোলাররাই প্রাইম টার্গেট মুম্বই ইন্ডিয়ান্সের
IPL Auction 2024: আইপিএলে কোর গ্রুপ ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। একঝাঁক তারকার রিটেনশন হিসেব কষে চূড়ান্ত করার কাজটা সহজ ছিল না।
সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ডিল ডান করায় মুম্বই ইন্ডিয়ান্স নিলামে যেতে পারছে ৪৫ কোটি টাকা নিয়ে। একজন আনক্যাপডকে নিতে পারবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে।

চলতি বছর আইপিএলে শেষ ম্যাচে স্লো ওভার রেটের ফাঁদে জড়ানোয় হার্দিক পাণ্ডিয়া আগামী আইপিএলে প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে পারবেন না। সেক্ষেত্রে ওই ম্যাচে ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব অধিনায়কত্ব করতে পারেন।
হার্দিক, সূর্যর সঙ্গেই জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা ও তিলক বর্মাকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঈশান কিষাণকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে নিলাম থেকে কম টাকায় তোলার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের পাশাপাশি রোহিত-কিষাণ ওপেনিং জুটি থাকবে।
তিনে তিলক বর্মা, চারে সূর্যকুমার যাদব, পাঁচে হার্দিক পাণ্ডিয়া নামবেন। ডেথ ওভারে ভালো ব্যাটিং করতে পারেন এমন কাউকেও নেওয়া হতে পারে। টিম ডেভিডকেও নেওয়ার চেষ্টা করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহ ও হার্দিকের সঙ্গে বোলিং কম্বিনেশনও চূড়ান্ত করতে হবে তাদের।
পীযূষ চাওলা এবার নিলামে নাম লিখিয়েছেন আনক্যাপড হিসেবে। ভারতের প্রাক্তন তারকা মুম্বই ইন্ডিয়ান্সকে বল হাতে ভরসা জুগিয়েছেন। মুম্বইয়ের টার্গেটে থাকছে নেহাল ওয়াধেরা, আকাশ মাধওয়াল, নমন ধীরের নাম। সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকেও ফেরানো হতে পারে।
বছর চব্বিশের ওয়াধেরা ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে দুটি অর্ধশতরান হাঁকান। চলতি বছর অবশ্য চেনা ছন্দে ছিলেন না। ৬টি ম্যাচ খেলেন, স্ট্রাইক রেট ১৩০। তাঁকে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য রাখা হতে পারে।
মাধওয়াল আবার ডেথ ওভারে উইকেট তোলায় পারদর্শী। ৩.৩ ওভারে ৫ রান দিয়ে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন ২০২৩ সালের এলিমিনেটরে। চলতি বছর তিনিও ছন্দে ছিলেন না। কিন্তু আকাশকেও দলে নেওয়ার চেষ্টা চালাতেই পারে মুম্বই।
চলতি বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ঝোড়ো ব্যাটিং করতে দেখা গিয়েছে নমন ধীরকে। বছর ২৪-এর নমনের স্ট্রাইক রেট ছিল ১৭৭-এর উপর। তাঁর খেলার ধরন অনেকটা হার্দিক পাণ্ডিয়ার মতো। অফস্পিন করে থাকেন। তাঁকে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে ফেরাতে পারে মুম্বই। পীযূষ চাওলা ২০২৩ সালে ২২ ও চলতি বছর ১৩ উইকেট নিলেও বয়সের কারণেই (৩৫ বছর) তাঁর জন্য আগ্রহ নাও দেখাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications