IPL Auction 2024: শ্রেয়সের পর স্টার্ককেও পেল না কেকেআর, অজি পেসারকে ছিনিয়ে নিল দিল্লি, কমল বেতন
IPL Auction 2024: আইপিএল নিলাম চলছে সৌদি আরবের জেদ্দায়। শ্রেয়স আইয়ারের পর মিচেল স্টার্কও হাতছাড়া হলো কলকাতা নাইট রাইডার্সের।
এতদিন অবধি আইপিএলে সবচেয়ে বেশি দরে পাওয়া ক্রিকেটারের রেকর্ড ছিল স্টার্কের দখলে। আজই সেই রেকর্ড ভাঙেন শ্রেয়স আইয়ার। স্টার্ককে শেষ অবধি ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।

মিচেল স্টার্ককে নেওয়ার আগ্রহ প্রথম দেখায় মুম্বই ইন্ডিয়ান্স। এরপর দর কষাকষিতে যোগ দেয় কলকাতা নাইট রাইডার্স। ৬ কোটিতে স্টার্কের দর পৌঁছনোর পর কেকেআরের সঙ্গে লড়াই চলতে থাকে দিল্লি ক্যাপিটালসের। দর পেরিয়ে যায় ১০ কোটির গণ্ডি।
এরপর দিল্লির সঙ্গে স্টার্ককে নেওয়ার জন্য লড়াই চালাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ অবধি ১১.৭৫ কোটি টাকার বিনিময়ে স্টার্ককে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির নিলামের টেবলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, স্টার্ককে গত বছর মিনি নিলাম থেকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর।
স্টার্ককে আইপিএল রিটেনশন লিস্টে রাখেনি কেকেআর। আজ নেওয়ার চেষ্টা চালালেও কেকেআরের কর্তারা স্টার্ককে ফেরাতে পারলেন না।
আইপিএলে গত বছর মিনি অকশন থেকে মিচেল স্টার্ককে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের যে পরিমাণ অর্থ ছিল তার ৮০ শতাংশই খরচ করা হয়েছিল অজি পেসারের জন্য। নিলামে কেকেআরের হাতে ছিল ৩২.৭ কোটি টাকা, তার মধ্যে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে নেয় কেকেআর।
স্টার্ক চলতি বছরের আইপিএলে নিজের নাম বা দরের প্রতি সুবিচার করতে পারেননি। তবে আস্থা হারায়নি টিম ম্যানেজমেন্ট। সেই আস্থার মর্যাদা দিয়ে প্লে-অফে জ্বলে ওঠেন স্টার্ক। বিশেষ করে কোয়ালিফায়ার ১ ও ফাইনালে। সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারে আঘাত হেনেছিলেন। পেয়েছিলেন বিধ্বংসী ফর্মে থাকা ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের উইকেট।
কোয়ালিফায়ার ১ ও ফাইনালে নাইটদের জয়ের পিছনে অবদান রাখেন স্টার্ক। দুটি ম্যাচেই তিনি দখলে নিয়েছিলেন সেরার পুরস্কার। যদিও এবারের আইপিএল নিলামের আগে অজি তারকাকে ধরে রাখেনি কেকেআর।
২০১৪ ও ২০১৫ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন স্টার্ক। তারপর আইপিএলের আসরে তিনি অবতীর্ণ হন চলতি বছরেই। ২০১৪ সালে ১৪ ম্যাচে ১৪, ২০১৫ সালে ১২ ইনিংসে ২০টি ও এবারের আইপিএলে ১৩ ইনিংসে তিনি ১৭টি উইকেট নেন। ৪১ ম্যাচে ৩৯ ইনিংসে তাঁর আইপিএলে উইকেট-সংখ্যা ৫১। এবার নতুন দলে দেখা যাবে স্টার্ককে।












Click it and Unblock the Notifications