IPL Auction 2024: পাঞ্জাব কিংসে তিক্ত অভিজ্ঞতা, সব দলে খেললেও ওখানে নয়! নিলামের আগে বিস্ফোরক কৃষ্ণাপ্পা গৌতম
IPL Auction 2024: আইপিএল নিলামের আগে বিস্ফোরক কৃষ্ণাপ্পা গৌতম। এক সাক্ষাৎকারে কর্ণাটকের এই অলরাউন্ডার জানিয়ে দিলেন, পাঞ্জাব কিংস বাদে সব দলে খেলতে তিনি প্রস্তুত।
ঠিক কী কারণে তিনি খেলতে চাইছেন না প্রীতি জিন্টার দলে? কারণ পুরোপুরি খোলসা না করলেও ওই দলে থাকাকালীন তিক্ত অভিজ্ঞতার জেরেই এই সিদ্ধান্ত, স্পষ্ট জানালেন গৌতম।

২০১৮ ও ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন গৌতম। প্রথম বছরে ১৫ ম্যাচে ১১ উইকেট নেন। পরের বছর ৭ ম্যাচে একটির বেশি উইকেট পাননি। এরপর ২০২০ সালে তাঁকে নেয় পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। সেখানে ২টি ম্যাচ খেলেন, ১টি উইকেট পান।
২০২২ থেকে ২০২৪ অবধি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে খেলেন। ২০২২ সালে ৪ ম্যাচে ৫টি, ২০২৩ সালে ৭ ম্যাচে তিনটি উইকেট পান। চলতি বছর ১টিই ম্যাচে সুযোগ পান। তবে সেই ম্যাচে উইকেট নিতে পারেননি গৌতম। আইপিএলে ৩৬ ম্যাচে ২৭ ইনিংসে তাঁর ২৪৭ রান রয়েছে।
২০২০ সালের আইপিএলে গৌতমকে ৬ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল পাঞ্জাব। ওই বছর তিনি ২ ম্যাচে ৪২ রান করেন, স্ট্রাইক রেট ১৫৫.৫৫। ২ ম্যাচে ১ উইকেট নেন, ওভারপিছু ১০.৫০ রান দিয়ে।
গৌতমের কাছে একটি সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, আইপিএলে কোন দলের হয়ে তিনি খেলতে চান না? বছর ছত্রিশের গৌতম সোজাসুজি জানিয়ে দেন পাঞ্জাব কিংস। তিনি বলেন, ওই দলে আমার অভিজ্ঞতা মোটেই ভালো নয়। সেটাই কারণ।
ক্রিকেটের বাইরের কারণই এই সিদ্ধান্তের জন্য দায়ী বলে মন্তব্য গৌতমের। তিনি বলেন, শুধু ক্রিকেটীয় কারণ নয়। তার বাইরেও কিছু বিষয় রয়েছে। ক্রিকেটার হিসেবে যেভাবে সমাদৃত হতে চান, সেই পরিবেশ পাঞ্জাব কিংসে যে ছিল না তা বলতে দ্বিধা করেননি তিনি।
গৌতম বলেন, আমি যখন যে দলের হয়ে খেলি, তাগের জন্য ১০০ শতাংশ, তার বেশিও উজাড় করে দিই মাঠে। কিন্তু পাঞ্জাব কিংস আমাকে নিলে ওই দলের হয়ে সেরাটা দিতে পারব না। উল্লেখ্য, নিলামে সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে যাচ্ছে পাঞ্জাব কিংস।












Click it and Unblock the Notifications