IPL Auction 2024: কেকেআর কোর গ্রুপে জোর দিয়ে কোথায় দাঁড়িয়ে? বেঙ্কটেশকে রেকর্ড দরে নেওয়ার কারণ প্রকাশ্যে
IPL Auction 2024: আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স গিয়েছে কোর গ্রুপ যতটা সম্ভব বেশি ধরে রাখার লক্ষ্য নিয়ে। বেশ কয়েকজন তারকাকে টার্গেট করেও সাফল্য মেলেনি।
প্রথম দিনের শেষে দেখা যাচ্ছে, চলতি বছর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া দলের অনেককে রেখেই দল গড়া হলো। সবচেয়ে বেশি দর পেলেন বেঙ্কটেশ আইয়ার।

বেঙ্কটেশকে কেকেআর ধরে রাখেনি। তবে আপাতত কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটারের নাম বেঙ্কটেশই। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের অঙ্গকৃষ রঘুবংশীকে তিন কোটি টাকায় দলে ফিরিয়েছে কেকেআর। দিল্লিকে টেক্কা দিয়ে বৈভব অরোরাকেও ফিরিয়েছে কেকেআর। ফলে হর্ষিতের সঙ্গে বৈভবের জোরে বোলিং জুটি নাইটদের বড় অস্ত্র হতে চলেছে।
কেকেআরের ভেঙ্কি মাইসোর বলেন, দলের জন্য কাকে দরকার সেটাই গুরুত্বপূর্ণ। নিলামে দর অনেক সময়ই চমক দিয়ে থাকে। আইপিএল নিলামে আগেরবার ১০০ কোটি টাকা খরচ করা যেত, তা এবার বেড়ে হয়েছে ১২০ কোটি টাকা। ফলে প্লেয়ারদের দর বৃদ্ধিও স্বাভাবিক।
মাইসোরের কথায়, আমাদের লক্ষ্য ছিল কোর গ্রুপ যতটা সম্ভব ধরে রাখা যায় তা নিশ্চিত করা। ৬ জনকে ধরে রেখেছিলাম। বেঙ্কটেশ আমাদের বলেছিলেন, দলে না ফেরালে তিনি দুঃখ পাবেন। তাঁকে আমরা দুঃখ দিতে চাইনি। নিতে পেরে খুশি। আমরা এমন পরিস্থিতিতে থাকতে চাইনি যেখানে তাঁকে ফেরানো সম্ভব হতো না।
কুইন্টন ডি কককে ৩.৬০ কোটি, আনরিখ নরকিয়াকে সাড়ে ৬ কোটি টাকায় নেওয়া গিয়েছে। ফলে বেঙ্কটেশের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করা হলেও সামগ্রিকভাবে ভারসাম্য বজায় রাখা গিয়েছে। মাইসোর বলেন, এ বছর চ্যাম্পিয়ন হয়েছি আমরা। ২০২১ সালে ফাইনালে খেলি। বেঙ্কটেশ সব সময়ই অবদান রেখেছেন। তিনি আমাদের দলের দারুণ একজন সদস্য।
কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছিল রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রামনদীপ সিং (৪ কোটি)।
নিলাম থেকে কেকেআর আজ নিল- বেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আনরিখ নরকিয়া (সাড়ে ৬ কোটি), কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), অঙ্গকৃষ রঘুবংশী (৩ কোটি), রহমানুল্লাহ গুরবাজ (২ কোটি), বৈভব অরোরা (১.৮ কোটি), ময়াঙ্ক মার্কণ্ডে (৩০ লক্ষ)।
কেকেআরের হাতে আপাতত পড়ে রইল ১০.০৫ কোটি টাকা। তিন বিদেশি-সহ এখনও ১২ জন ক্রিকেটার নিতে পারবে কেকেআর। এখনও অবধি কেকেআর নিয়েছে ১৩ জনকে।












Click it and Unblock the Notifications