IPL Auction 2024: ২৩.৭৫ কোটি! বেঙ্কটেশকে ফিরিয়ে কোর গ্রুপ শক্তিশালী করল কেকেআর, নজিরও গড়লেন আইয়ার
IPL Auction 2024: আইপিএলে ঈর্ষণীয় নজির গড়লেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা ভারতীয় প্লেয়ারদের সকলকে ছাপিয়ে দরের রেকর্ড গড়লেন আইয়ার।
আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় চারে চলে এলেন তিনি। টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় বেঙ্কটেশ এখন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের পরেই।

২০২১ থেকে চলতি বছর পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন বেঙ্কটেশ আইয়ার। তবে তাঁকে ধরে রাখেনি কেকেআর। বেঙ্কটেশ অবশ্য আশায় ছিলেন, কেকেআর নিলাম থেকে তাঁকে নেওয়ার চেষ্টা চালাবে। সেটাই হলো।
মধ্যপ্রদেশের অলরাউন্ডার বেঙ্কটেশকে নেওয়ার জন্য কেকেআর প্রথমে আগ্রহ দেখায়। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। আইয়ারকে নিতে কেকেআরের সঙ্গে দর কষাকষি শুরু হয় লখনউ সুপার জায়ান্টসের। কেকেআর ৭.৭৫ কোটি টাকা দর জিতেই লখনউ সরে দাঁড়ায়।
এরপর লড়াই চলতে থাকে কেকেআরের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আইয়ারের দর। বিরাট কোহলি যেখানে আসন্ন আইপিএল খেলবেন ২১ কোটি টাকার চুক্তিতে, সেখানে আইয়ার কোহলির রিটেনশনের মূল্যও টপকে যান।
সেই সময় জল্পনা চলতে থাকে তাহলে কি শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদেরও টপকে যাবেন বেঙ্কটেশ আইয়ার? যদিও তা হয়নি। শেষ অবধি তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেয় কেকেআর। ১ কোটি টাকার জন্য তিনি ছুঁতে পারলেন না কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটারের রেকর্ড যা মিচেল স্টার্কের দখলেই রইল। গত বছর মিনি নিলামে স্টার্কের জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর।
কেকেআর রিঙ্কু সিংকে ধরে রেখেছিল ১৩ কোটি টাকায়। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল- তিনজনকেই ১২ কোটি টাকা দরে ধরে রাখে আইপিএল চ্যাম্পিয়নরা। হর্ষিত রানা ও রামনদীপ সিং- দুজনের জন্যই কেকেআরের বরাদ্দ ৪ কোটি টাকা করে।
বেঙ্কটেশ আইয়ার আইপিএলে ২০২১ থেকে রয়েছেন কেকেআরে। ৫১ ম্যাচে ৪৯ ইনিংসে ১৩২৬ রান করেছেন। ১টি শতরান ও ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০২৩ সালে আইয়ার শতরান করেন। আইপিএলে তিনটি উইকেটও রয়েছে বেঙ্কটেশের।
এদিন, কেকেআর মার্কি প্লেয়ারদের মধ্যে কাউকে নিতে পারেনি। শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, মহম্মদ শামি, রাহুল ত্রিপাঠীদের নেওয়ার আগ্রহ দেখালেও শেষ অবধি পেরে ওঠেনি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছিল, কেকেআর ১০ কোটির গণ্ডির আশেপাশেই থাকতে চাইছে। তবে অল-আউট ঝাঁপিয়ে বেঙ্কটেশকে ফেরাল কেকেআর। আইপিএল খেতাব যে দল জিতেছিল তার কোর গ্রুপ আরও উন্নত করল শাহরুখ খানের দল।












Click it and Unblock the Notifications