IPL Auction 2024: জস বাটলার আইপিএল নিলামের আগে বিধ্বংসী ফর্মে, পেতে পারেন চমকপ্রদ দর
IPL Auction 2024: আইপিএল নিলামের আগে বিধ্বংসী ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার জস বাটলারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তবে তাঁকে নিতে অনেক দলই ঝাঁপাতে পারে।
ইংল্যান্ডের অধিনায়ক বাটলার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে শূন্য করলেও গতকাল ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেললেন।

ব্রিজটাউনে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজকে ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট ছিল ১৫৯। ইংল্যান্ড ১৪.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬১ রান তুলে জয় ছিনিয়ে নেয়।
অর্ধেকের বেশি রান একাই করলেন বাটলার। রান তাড়া করতে নেমে প্রথম বলেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। বাটলার তিনে নেমে ৪৫ বলে ৮৩ রান করলেন। মারেন ৮টি চার, ৬টি ছক্কা। চোট সারিয়ে মাঠে ফেরার পর এই ম্যাচেই চেনা ছন্দে দেখা গেল জস বাটলারকে।
২০১৬ ও ২০১৭ সালে বাটলার ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১৮ থেকে চলতি বছর অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে। আইপিএলে ১০৭টি ম্যাচের ১০৬টি ইনিংসে তিনি ৩৫৮২ রান করেছেন। সাতটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে।
২০১৮ সালে ১৩ ম্যাচে ৫৪৮, ২০২২ সালে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেন। চলতি বছর ১১ ম্যাচে করেন ৩৫৯। ২০২১ সালে একটি, ২০২২ সালে চারটি ও চলতি বছরের আইপিএলে ২টি শতরান এসেছে বাটলারের ব্যাট থেকে। ওপেন করেন, তিনেও কার্যকরী ভূমিকা নেন। সেই সঙ্গে উইকেটকিপারও। ফলে আইপিএল নিলামে বাটলারের চাহিদা থাকবেই।
২০১৬ সালের আইপিএলে ২৫৫, ২০১৭ সালে ২৫৫, ২০১৯ সালে ৩১১, ২০২০ সালে ৩২৮, ২০২১ সালে ২৫৪ (৭ ম্যাচে), ২০২৩ সালে ৩৯২ রান করেছেন। আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৫২। ফলে বোঝাই যাচ্ছে আইপিএলে তিনি পারফরম্যান্সের নিরিখে যথেষ্ট ধারাবাহিক।
কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার দরকার। ফিল সল্টকে ছেড়ে দিয়েছে নাইটরা। ফলে কেকেআর ওপেনিংয়ের জন্য বাটলারকে নেওয়ার চেষ্টা চালাতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সেরও উইকেটকিপার এবং ওপেনার প্রয়োজন। ফলে পুরানো দলের জার্সিতেও দেখা যেতেই পারে বাটলারকে।
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জায়গায় বাটলারের কথা ভাবতে পারে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির বিকল্প উইকেটকিপার প্রয়োজন তাদের। ইংল্যান্ডের অধিনায়ক প্রয়োজনে নেতৃত্বও দিতে পারবেন ভবিষ্যতে। বাটলারকে নিলাম থেকে কিনতে পারে রাজস্থান রয়্যালস। এমনকী উইকেটকিপার বাটলারের জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। সবমিলিয়ে বাটলারও চমকপ্রদ দর পেতে পারেন নিলামে।












Click it and Unblock the Notifications