IPL Auction 2024: আইপিএল নিলামের আগে চমক, ভেবেচিন্তে বড় পাল্টি জোফ্রা আর্চারের
IPL Auction 2024: আইপিএলের নিলাম রবি ও সোমবার হবে সৌদি আরবের জেদ্দায়। তার আগেই ইউ টার্ন নিলেন ইংল্যান্ডের তারকা জোফ্রা আর্চার।
বিসিসিআই যে ৫৭৪ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে তাতে নাম নেই জোফ্রা আর্চার ও মার্ক উডের। তবে শেষ অবধি আর্চার নিলামে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন বলে দাবি ব্রিটিশ মিডিয়ার।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, যাঁরা এবারের নিলামে নাম লেখাবেন না তাঁরা পরের আইপিএলের নিলামেও থাকতে পারবেন না। মূলত এই নিয়মের কারণেই ইংল্যান্ডের তারকা সিদ্ধান্ত বদলালেন বলেই জানা যাচ্ছে। নিশ্চিতভাবেই তা বড় চমক।
আর্চার বা উডের বিষয়টি নিয়ে এখনও বিসিসিআই বা আইপিএল সরকারিভাবে কিছু জানায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে প্রথমে নো অবজেকশন সার্টিফিকেট পাননি আর্চার ও উড। সে কারণে তাঁদের নাম ১৫৭৪ জনের তালিকায় থাকলেও ৫৭৪ জনের তালিকায় নেই।
সামনের বছর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। সেগুলিকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত কয়েক বছর ধরেই আর্চার নানাবিধ চোট সমস্যায় জর্জরিত। গুরুত্বপূর্ণ টেস্টগুলিতে যাতে তিনি খেলতে পারেন সেটা ভেবেই বছর ২৯-এর ক্রিকেটারকে আইপিএল খেলার অনুমতি প্রথমে দেওয়া হয়নি।
যদিও আর্চার সেই সিদ্ধান্তে খুশি নন বলেই খবর। শেষমেশ তিনি আইপিএল খেলার জন্য বোর্ডের এনওসি পেয়ে গিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে দাবি। অবশ্য মার্ক উড আইপিএলে অংশ নেবেন না বলেই ঠিক করেছেন। ফলে ২০২৭ সালের আইপিএলের আগে উডকে আর পাওয়া যাবে না।
ক্রিকেট ব্রডকাস্টার ম্যাক কবির ফ্লয়েড ইটস নট জাস্ট ক্রিকেট অনুষ্ঠানে জানিয়েছেন, আর্চারের খেলার বিষয় নিয়ে বিসিসিআই, ইসিবি ও আর্চারের এজেন্টের মধ্যে কথাবার্তা চলছে। যাতে আর্চারের নাম চূড়ান্ত তালিকায় ঢোকানো যায়।
২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ৮ কোটি টাকায় আর্চারকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালে একটিও ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। ২০২৩ সালে চোট সারিয়ে আইপিএলে কামব্যাক করলেও পাঁচটির বেশি ম্যাচ খেলতে পারেননি।












Click it and Unblock the Notifications