IPL Auction 2024: জোফ্রা আর্চারকে নিয়ে বড় পরিকল্পনা ইংল্যান্ডের, আইপিএল নিলামে না থাকার কারণ প্রকাশ্যে
IPL Auction 2024: বেন স্টোকস, জো রুটরা আইপিএল নিলামের জন্য নাম লেখাবেন না তা জানা গিয়েছিল আগেই। কিন্তু অনেকেই অবাক হন জোফ্রা আর্চারকে না দেখে।
এবার সামনে এলো নিলামের ৫৭৪ জনের তালিকায় আর্চারের না থাকার কারণ। ইংল্যান্ড এই তারকাকে নিয়ে বড় পরিকল্পনা সেরে ফেলেছে। সে কারণেই আইপিএলের আসরে থাকবেন না আর্চার।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, এবার যাঁরা আইপিএল নিলামে নাম লেখাননি তাঁরা ২০২৬ সালের আগে যে মিনি নিলাম হবে তাতেও নাম লেখাতে পারবেন না। ফলে অন্তত ২টি মরশুম আর্চারকে দেখা যাবে না। ২০২৭ সালে খেলতে পারেন, তার আগের মিনি নিলামে নাম নথিবদ্ধ করতে পারবেন।
আইপিএলের মেগা নিলাম হবে জেদ্দায়। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ। ২৯ বছরের আর্চার আইপিএলে খেলেছেন রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। যদিও ফিটনেসজনিত কারণে তিনি খেলতে পারেননি ২০২২ ও ২০২৪ সালের আইপিএলে।
জোফ্রা আর্চার ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন। তবে চোটের কারণে টুর্নামেন্ট চলাকালীনই ছিটকে যান। আইপিএলে ২টি দলের হয়ে মোট ৪০টি ম্যাচ খেলেছেন আর্চার, ৪৮টি উইকেট নিয়েছেন। ১৯৯ রান করেছেন।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চাইছে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সামনের বছর জুনে যে টেস্ট সিরিজ শুরু হবে, তাতে খেলার জন্য আর্চার যেন ফিট থাকেন। সে কারণেই তাঁকে আইপিএল থেকে সরে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০ জুন লিডসে হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট বার্মিংহ্যামে। লর্ডসে তৃতীয় টেস্ট ১০ জুলাই থেকে। ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট শুরু জুলাইয়ের ২৩ তারিখ। ওভালে ৩১ জুলাই থেকে পঞ্চম টেস্ট।
২০১৮ সালে রাজস্থান রয়্যালসে প্রথম খেলেন আর্চার। ২০২২ সালের আইপিএলের আগে মেগা নিলাম থেকে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০২০ সালের আইপিএলে সেরা পারফরম্যান্স উপহার দেন আর্চার। সেবার ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের এই তারকা।












Click it and Unblock the Notifications