IPL Auction 2024: চলতি বছরের তৃতীয় ওডিআই শতরান! বিরাট, সচিনদের নজির ভাঙলেন কেকেআরে ব্রাত্য গুরবাজ
IPL Auction 2024: ফিল সল্টের পর রহমানুল্লাহ গুরবাজ। দুই বিধ্বংসী ওপেনারকে আইপিএল নিলামের আগে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স।
সল্ট হাঁকিয়েছিলেন টি২০ আন্তর্জাতিক শতরান। এবার গুরবাজের পালা। আইপিএল নিলামের আগে চলতি বছরের তৃতীয় ওডিআই শতরানটি পেয়ে গেলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার।

গত মার্চে আইপিএলের আগে শারজায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে গুরবাজ ১১৭ বলে ১২১ রান করেছিলেন। এরপর গত সেপ্টেম্বরে শারজাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১০ বলে ১০৫ করেন। কার পরের ম্যাচে করেছিলেন ৯৪ বলে ৮৯।
শারজায় বাংলাদেশের বিরুদ্ধে সোমবার আফগানিস্তান তিন ম্যাচের সিরিজ জিতল ২-১-এ। গুরবাজ প্রথম ২টি ম্যাচে ৫ ও ২ রানের বেশি করতে পারেননি। আজ পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে গুরবাজ খেললেন ১২০ বলে ১০১ রানের ইনিংস।
এটি তাঁর কেরিয়ারের অষ্টম ওডিআই শতরান। আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে তিনিই সর্বাধিক শতরান হাঁকিয়েছেন একদিনের আন্তর্জাতিকে। সেই রেকর্ড এবার উন্নত করলেন। একইসঙ্গে গুরবাজ গড়লেন এক ঈর্ষণীয় নজির।
গুরবাজ পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, বাবর আজমদের। ২২ বছর ৩৪৯ দিনের মাথায় অষ্টম ওডিআই শতরান পেলেন গুরবাজ। সবচেয়ে কম বয়সে একদিনের আন্তর্জাতিকে ৮টি শতরান পূর্ণ করার ক্ষেত্রে গুরবাজ দ্বিতীয় স্থানে।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক অষ্টম ওডিআই শতরান পেয়েছিলেন ২২ বছর ৩১২ দিনের মাথায়। এই তালিকায় তিনে থাকা সচিনের লেগেছিল ২২ বছর ৩৫৭ দিন। বিরাট কোহলি ২৩ বছর ২৭ দিনের মাথায় পেয়েছিলেন অষ্টম ওডিআই শতরান। বাবর আজম করেন ২৩ বছর ২৮০ দিনে।
গুরবাজের ফর্ম দেখে তাঁকে ফেরানোর চেষ্টা করতেও পারে কেকেআর। গুরবাজকে গুজরাত টাইটান্স থেকে কেকেআর নিয়েছিল। ২০২২ সালে গুরবাজকে একটি ম্যাচেও খেলায়নি গুজরাত। কেকেআরের হয়ে ২০২৩ ও ২০২৪ সালে গুরবাজ যথাক্রমে ২২৭ (১১ ইনিংসে) ও ৬২ (২ ইনিংসে) করেন।
কেকেআর চলতি বছর ফিল সল্টের সঙ্গে বেশি খেলিয়েছে সুনীল নারিনকে। ঋদ্ধিমান সাহা অবসর নেওয়ায় গুরবাজকে ফেরাতে পারে গুজরাত টাইটান্সও। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলিও উইকেটকিপার, সেই সঙ্গে ওপেনিংয়ে ঝড় তুলতে পারদর্শী গুরবাজকে টার্গেট করতেই পারে।
টি২০ আন্তর্জাতিকে গুরবাজের ১টি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরি-সহ ৬৩ ম্যাচে ১৬৫৭ রান রয়েছে। ১৯৮টি টি২০ ম্যাচে গুরবাজ ৪৮৭০ রান করেছেন, ২টি শতরান ও ৩০টি অর্ধশতরানের দৌলতে।












Click it and Unblock the Notifications