IPL Auction 2024: শুভমান গিলের ওপেনিং পার্টনার নিশ্চিত, টি২০ বিশ্বকাপ জেতা অধিনায়ক বাটলার গুজরাতে
IPL Auction 2024: শুভমান গিল পেয়ে গেলেন ওপেনিং পার্টনার। রাজস্থান রয়্যালস জস বাটলারকে ফেরানোর চেষ্টা চালিয়েও শেষ অবধি পারল না।
গুজরাত টাইটান্সের ঋদ্ধিমান সাহা অবসর নেওয়ায় তাদের দরকার ছিল উইকেটকিপার, সেই সঙ্গে ওপেনার। এই দুটো বিভাগেই সফল জস বাটলার। ফলে গুজরাত টাইটান্সের ওপেনিং নিয়ে চিন্তা কমল।

বাটলারকে ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। তবে এদিন তারাই প্রথম আগ্রহ দেখায় ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক তথা টি২০ বিশ্বকাপ জেতা অধিনায়ককে দলে নিতে। বাটলার দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০-তে পার্ল রয়্যালসেই খেলেন।
কিন্তু রাজস্থানকে টেক্কা দিতে শুরু করে গুজরাত টাইটান্স। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে বাটলারের দর। এরপর আগ্রহ দেখায় পাঞ্জাব কিংসও। আসরে নামে লখনউ সুপার জায়ান্টসও। হেড কোচ আশিস নেহরা ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কির সঙ্গে আলোচনা সেরে নেন।
এরপর বাটলারের জন্য ১৫ কোটি ৭৫ লক্ষ টাকার দর দেওয়া হয়। এরপরই সরে দাঁড়ায় লখনউ। ফলে গুজরাত টাইটান্সে খেলা নিশ্চিত হয়ে যায় বাটলারের।
২০২২ সাল থেকে আইপিএল পরিসংখ্যান দেখলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চারে রয়েছেন জস বাটলার। আইপিএলে তিনি ১০৭ ম্যাচে ১০৬ ইনিংসে ১২ বার অপরাজিত থেকে ৩৫৮২ রান করেছেন। সর্বাধিক স্কোর ১২৪। সাতটি শতরান ও ১৯টি অর্ধশতরান রয়েছে। ২০২২ সালের আইপিএলেই চারটি সেঞ্চুরি করেন তিনি।
চলতি বছরের আইপিএলে ১১ ম্যাচে বাটলার ৩৫৯ রান করেন, ২টি শতরান-সহ। আইপিএল কেরিয়ারে তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৫২, গত আইপিএলে ছিল ১৪০.৭৮। ২০২১ সালে বাটলার আইপিএলে প্রথমবার শতরান হাঁকান।
২০১৬ ও ২০১৭ সালে বাটলার ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, যথাক্রমে ১৪ ম্যাচে ২৫৫ ও ১০ ম্যাচে ২৭২ রান করেন। ২০১৮ সালে যোগ দেন রাজস্থান রয়্যালসে। সেবার ১৩ ম্যাচে ৫৪৮ রান করেন। ২০২২ সালের আইপিএলে বাটলার ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছিলেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের আইপিএলে সেটিই ছিল সেরা মরশুম।
চোট সারিয়ে দলে ফিরে বাটলার দারুণ ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে তিনে নেমে ৪৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন। আবু ধাবি টি১০ লিগেও তিনি দারুণ ছন্দে। পরপর দুটি ম্যাচে যথাক্রমে ৬২ ও ৬০ রানের ইনিংস খেলেছেন। বাটলার গুজরাতে যোগ দেওয়ায় গিলের সঙ্গে তাঁর ওপেনিং জুটি নিশ্চিতভাবেই প্রতিপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।












Click it and Unblock the Notifications