IPL Auction 2024: আরসিবির বিরাট পরিকল্পনা আইপিএল নিলাম নিয়ে, আরটিএমের কথা ভাবা হচ্ছে কাদের জন্য?
IPL Auction 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল নিলামের আগে ধরে রেখেছে তিন ক্রিকেটারকে। বিরাট কোহলি, রজত পাটীদার ও যশ দয়াল।
আরসিবির হাতে পড়ে রয়েছে ৮৩ কোটি টাকা। ফলে পাঞ্জাব কিংসের পর সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামের আসরে যাবে আরসিবি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আরসিবির হাতে রয়েছে তিনটি আরটিএম কার্ড ব্যবহারের সুযোগ। রাইট টু ম্যাচ বিকল্পকে কাজে লাগিয়ে তারা তিনজন ক্যাপড বা আন্তর্জাতিক প্লেয়ার কিংবা ২ ক্যাপড ও ১ জন আনক্যাপড প্লেয়ার নিতে পারবে।
ক্যামেরন গ্রিন আগামী বছরের আইপিএলে নেই চোটের কারণে। ফলে গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি, মহম্মদ সিরাজ ও উইল জ্যাকসের মধ্যে তিনজনকে ফেরাতে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতেই পারে আরসিবি।
আরসিবির হয়ে চলতি বছর ম্যাক্সওয়েল প্রত্যাশা পূরণ করতে পারেননি। তার আগে অবশ্য তিনটি মরশুম তিনি আরসিবিকে ভরসা জুগিয়েছেন। ৩৬ বছরের ম্যাক্সওয়েল যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারেন। বল হাতেও কার্যকরী ভূমিকা পালনের ক্ষমতা রাখেন।
ম্যাক্সওয়েলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে আরসিবি ম্যানেজমেন্টের। আইপিএল রিটেনশন লিস্টে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারকে না রাখার পরও তাঁর সঙ্গে ভালোরকম আলোচনাই হয়েছে আরসিবি কর্তাদের। ফলে ম্যাক্সওয়েলের জন্য আরটিএম কার্ড ব্যবহার করা হতেও পারে।
ফাফ দু প্লেসি তিনবার অধিনায়ক হিসেবে আরসিবিকে প্লে-অফে নিয়ে গিয়েছেন। দু প্লেসির বয়স ৪০। তবে টি২০ লিগে তিনি দাপট সহকারেই খেলছেন। তাঁর অধিনায়কত্বে সেন্ট লুসিয়া কিংস ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে প্রথমবার। বিরাট কোহলিকে আরসিবি অধিনায়ক করলেও ওপেনিংয়ে তাঁর সঙ্গে দু প্লেসির জুটি নাও ভাঙা হতে পারে। ফলে তাঁকে নিলাম থেকে নেওয়া হতে পারে।
২০১৮ সাল থেকে আরসিবিতে ছিলেন সিরাজ। তাঁকে ধরে রাখেনি আরসিবি। তবে সিরাজের জন্যেও আরসিবি আরটিএম ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কিছুটা কম দামেও পেতে পারে। উইল জ্যাকস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারই আরসিবির হয়ে ৪১ বলে শতরান করেছিলেন। তাঁকেও ফেরানোর কথা ভাবনাচিন্তায় রয়েছে।
জানা যাচ্ছে, আরসিবি লোকেশ রাহুলকে নেওয়ার জন্য ভালোরকমভাবে ঝাঁপাবে। সেক্ষেত্রে দীনেশ কার্তিকের অবসরের পর ভালো মানের উইকেটকিপার যেমন তারা পেয়ে যাবে, তেমনই লোকাল বয় রাহুলকে অধিনায়কও করা হতে পারে।
২ জন ক্যাপড নিয়ে ১ জন আনক্যাপড প্লেয়ারকেও ফেরাতে পারে আরসিবি। সেই তালিকায় সম্ভাব্য নাম বিজয়কুমার ভাইশাক, উইকেটকিপার অনুজ রাওয়াত, ফিনিশার মহীপাল লোমরর। এই প্লেয়াররা আগামী কয়েক বছর আরসিবিকে ভরসা দিতেই পারেন।












Click it and Unblock the Notifications