Allah Ghazanfar: আফগানিস্তানের স্পিনার চমক দেখাতে পারেন আইপিএল নিলামে, বাংলাদেশের বিপর্যয় হাসির খোরাক
Allah Ghazanfar: আল্লাহ গজনফার (Allah Ghazanfar)। আফগানিস্তানের এই স্পিনার কলকাতা নাইট রাইডার্স দলে থাকলেও আইপিএল খেলার সুযোগ পাননি।
শারজায় গতকাল বিধ্বংসী স্পেলে বাংলাদেশকে কচুকাটা করতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই গজনফার। ১৮ বছরের স্পিনার এবার চমক দিতে পারেন আইপিএল নিলামেও।

গজনফার কেরিয়ারের ষষ্ঠ একদিনের আন্তর্জাতিক খেললেন শারজায় বাংলাদেশের বিরুদ্ধে। ২৬ রানের বিনিময়ে দখল করলেন ৬ উইকেট। এই ম্যাচ খেলতে নামার আগে ওডিআইয়ে তাঁর ঝুলিতে ছিল চার শিকার। ১০টি লিস্ট এ ম্যাচে উইকেট-সংখ্যা হলো ১৪। ১৬টি টি২০ ম্যাচে তাঁর ২৯টি উইকেট রয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে তাঁর বোলিং ফিগার ওডিআই ও লিস্ট এ কেরিয়ারের সেরা। টি২০-তে তিনি ২ বার ইনিংসে চার উইকেট নিয়েছেন। বলা ভালো গতকাল গজনফার একাই হারিয়ে দিলেন বাংলাদেশকে। ৬.৩ ওভার হাত ঘুরিয়ে ১টি মেডেন, ২৬ রান দিয়ে ছয় উইকেট। একদিনের আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগারগুলির মধ্যে যা অন্যতম।
আইপিএলে না খেললেও আইপিএল জেতার স্বাদ গজনফার পেয়েছেন কেকেআর শিবিরেই। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ আইপিএল নিলাম রয়েছে। তার আগে গজনফার দুরন্ত ছন্দে বোলিং করে নজর কাড়লেন ফ্র্যাঞ্চাইজিদের। তাঁকে নিয়ে কেকেআর যেমন ভাবনাচিন্তা চালাবে, তেমনই দর কষাকষিতে নামতে পারে অনেক দলই।
From 132/3 to 143 all out! 🤯
— FanCode (@FanCode) November 6, 2024
Bangladesh have just been routed by the spin wizardry of AM Ghazanfar! 🪄#AFGvBANonFanCode pic.twitter.com/vLUXe6Xc56
গতকালের ম্য়াচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল ২৩৬ রান। ২৫.৫ ওভারে ১২০ রানে তৃতীয় উইকেট পড়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬৮ বলে ৪৭)। সেখান থেকে বাংলাদেশ ৩৪.৩ ওভারেই অল আউট হয়ে যায় ১৪৩ রানে।
৩০.৪ ওভারে চতুর্থ উইকেট পড়েছিল ১৩২ রানে। ফলে শেষ সাত উইকেটের পতন ২৫ বলের মধ্যে। শেষ ৮ উইকেট পড়েছে ২৩ রানের ব্যবধানে, ৫৩ বলের মধ্যে। বাংলাদেশের সাংবাদিকরা বলছেন, এই পতনকে দ্রুত পতন বলা যায় না। আশ্চর্য পতন। এমন পতন গা সওয়া হয়ে গিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলকে ছড়িয়েছে নানা মিম। প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, মিমের একটিতে লেখা "৩ উইকেটে ১৩২ রান নিয়ে গেলাম প্রক্ষালনকক্ষে, ফিরে দেখি খেলা শেষ।" কেউ আবার লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে যারা বলছিল এই দেশ আফগানিস্তান হয়ে গিয়েছে, ক্রিকেট দল দেখাল বাংলাদেশ আফগানিস্তান হতে পারে না!
বাংলাদেশের তুলনা সিঙ্গাপুরের সঙ্গে চলতে পারে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমে উল্লেখ। বিষয়টি কী? আইসিসি চ্যালেঞ্জ কাপে গতকালই উগান্ডার বিরুদ্ধে ওপেনিং জুটিতে ৪৬ তোলার পর সিঙ্গাপুর ১০ উইকেট হারায় ৩৬ রানের মধ্যে। ৬ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার দীনেশ নাকরানি। তবে বাংলাদেশের ৯টি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। মিস্ট্রি স্পিনার গজনফারের বয়স বা অভিজ্ঞতা কম হলেও তিনি ফের বিড়াল বানালেন তথাকথিত টাইগারদের।












Click it and Unblock the Notifications