IPL Auction 2024: আইপিএল নিলামে ভাঙতে পারে যুবরাজের রেকর্ড! পন্থকে পাঞ্জাবেই দেখছেন এবিডি
IPL Auction 2024: আইপিএল নিলাম আর ঠিক ২ সপ্তাহ দূরে। সৌদি আরবের জেড্ডায় ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
সেই নিলামেই ভেঙে যেতে পারে যুবরাজ সিংয়ের রেকর্ড। আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া ভারতীয় ক্রিকেটারের রেকর্ডটির এবার দখল নিতেই পারেন ঋষভ পন্থ।

ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক প্রয়োজন এমন কয়েকটি দল পন্থকে টার্গেট করতে পারে। ভারতীয় দলের বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটারকে নেওয়ার জন্য জোর টক্কর চলতে পারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের মধ্যে।
আইপিএল নিলামে আরসিবি খরচ করতে পারবে ৮৩ কোটি টাকা। আরসিবি মাত্র তিনজনকে রিটেন করেছে। অন্যদিকে, পাঞ্জাব কিংস দুই আনক্যাপড প্লেয়ারকে রিটেন করায় তাদের ঝুলিতে অবশিষ্ট রয়েছে ১১০.৫ কোটি টাকা। যা সর্বাধিক।
এবি ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, আমার মনে হয় না শেষ অবধি আরসিবি পন্থকে নিতে পারবে। পন্থকে নিতে অনেক দলই ঝাঁপাবে। ফলে তাঁর দর উঠবে অনেকটাই। আমার ধারণা, পন্থকে পেতে যে কোনও পরিমাণ অর্থ খরচ করতে পারে পাঞ্জাব কিংস।
উল্লেখ্য, রিকি পন্টিংকে আইপিএলের হেড কোচের পদ থেকে সরিয়েছে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক পন্থকেও রাখেনি। দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে বেশ কয়েক বছর কাটানো পন্থের সঙ্গে পন্টিংয়ের সম্পর্কও খুব ঘনিষ্ঠ। পন্টিং এখন পাঞ্জাব কিংসের হেড কোচ। আর সে কারণেই পন্থকে পাঞ্জাব কিংসেই দেখছেন এবিডি।
তবে আরসিবিতে পন্থ গেলে তা ভালোই হবে বলেও মন্তব্য করেছেন ডি ভিলিয়ার্স। যদিও তিনি বারেবারেই বলেছেন, পন্থের দর এবার বেশ চড়াই হবে আইপিএল নিলামে। লোকেশ রাহুলকে নিলেও আরসিবি উপকৃত হবে বলে ধারণা এবিডির। একজন ভালো স্পিনার-সহ ভারতীয় বোলারদের নিয়েই আরসিবিকে বোলিং আক্রমণ সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদেরও নেওয়া যেতে পারে।
পন্থ যে এবার আইপিএল নিলামে চমকপ্রদ দর পাবেন, তা বলার অপেক্ষা রাখে না। এই আবহেই চর্চা চলছে পন্থ আইপিএল নিলামের ইতিহাসে যুবরাজের রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন কিনা। আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ভারতীয় ক্রিকেটারের রেকর্ড।
২০১৫ সালের আইপিএলের আগে যে নিলাম হয়েছিল তাতে যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের তালিকার প্রথম ৬টি স্থানেই রয়েছেন বিদেশিরা। যুবি রয়েছেন সাতে।
২০২২ সালের আইপিএলের আগে হওয়া নিলামে মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষাণের দর বাড়তে বাড়তে গিয়ে থেমেছিল ১৫.২৫ কোটি টাকায়। ফলে অক্ষত থেকে গিয়েছিল যুবরাজের রেকর্ডটি। তবে এবার পন্থই তা ভেঙে দিতে পারেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। ২০ কোটি টাকা বা তারও বেশি উঠতে পারে পন্থের দর।












Click it and Unblock the Notifications