আইপিএলের মেগা নিলামে ১০ দলের রণকৌশল কেমন? নবাগত লখনউ ও আমেদাবাদ তৈরি জোর টক্করে!
আইপিএলের মেগা নিলামের আসর বসছে বেঙ্গালুরুতে শনি ও রবিবার। ১০ দলে কারা জায়গা পাবেন আর কাদেরই বা হতাশ হতে হবে তা নিশ্চিত হয়ে যাবে আইপিএলের সম্ভবত শেষ মেগা নিলামে! কেন না, এরপর থেকে আইপিএলে ক্রিকেটারদের নিলাম চাইছে না প্রায় সব ফ্র্যাঞ্চাইজিই। আপাতত ১০ দলই তৈরি করছে নিলামের রণকৌশল। কোন বিভাগে জোর দেওয়া হবে, কাদের টার্গেট করা হবে এ সব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। একনজরে দেখে নেওয়া যাক ১০ দলের কারা ঠিক কোন বিভাগ কীভাবে মজবুত করতে চাইছে।

চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিং ধোনি সম্ভবত এবারই শেষ আইপিএল খেলবেন। ফলে দলের সম্ভাব্য অধিনায়ককে যেমন চিহ্নিত করার লক্ষ্য থাকবে, তেমনই দলের মূল কাঠামো এমনভাবে তৈরি করা হবে যাতে সেই ক্রিকেটাররা আগামী কয়েক বছর দলের সুনাম অক্ষত রাখতে নিজেদের মেলে ধরতে পারেন। যে দলকে ২০২০ সালের আইপিএলে ব্যর্থতার পর বুড়োদের দলের তকমা দেওয়া হয়েছিল, তাদেরই চ্যাম্পিয়ন বানিয়ে মহেন্দ্র সিং ধোনি বার্তা দিয়েছেন বয়স কোনও বাধা নয়। আর সেই কারণেই সিএসকে টার্গেট করতে পারে শ্রেয়স আইয়ার ও ডেভিড ওয়ার্নারকে। তাঁরা হতে পারেন ভবিষ্যতের সিএসকে অধিনায়ক।

মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলে অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনও চিন্তা নেই। রোহিতের অনুপস্থিতিতে কায়রন পোলার্ডও রয়েছেন। সূত্রের খবর, কুইন্টন ডি কককে নিলাম থেকে ফের দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। হার্দিক পাণ্ডিয়ার পরিবর্ত হিসেবে ভালো মানের অলরাউন্ডারের সন্ধানেও রয়েছে তারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামবে নতুন অধিনায়কের নেতৃত্বে। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রেখেছে আরসিবি। তবে তিনি ক্যাপ্টেন হবেন কিনা স্পষ্ট নয়। ফলে দলে এমন কয়েকজনকে রাখা হতে পারে যাতে তাঁরা বিভিন্ন পরিস্থিতিতে দলের পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন্সি করতে পারেন। শ্রেয়স আইয়ার আরসিবির নজরেও রয়েছেন। অনেকে জেসন হোল্ডারকে দলে নিয়ে ক্যাপ্টেন করানোর পক্ষপাতী। এবি ডি ভিলিয়ার্সের বিকল্প হিসেবে বেবি এবি বলে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিসকে টার্গেট করতে পারে আরসিবি।

সানরাইজার্স হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদ কেন উইলিয়ামসনকেই অধিনায়ক রেখে দল গঠন করতে চাইছে। তবে চিন্তায় রাখছে উইলিয়ামসনের ফিটনেস। একইসঙ্গে ডেভিড ওয়ার্নার ও রশিদ খানের উপযুক্ত বিকল্প বেছে নেওয়াও সানরাইজার্সের বড় চ্যালেঞ্জ।

কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে গতবারের রানার-আপ কলকাতা নাইট রাইডার্সে দুই অভিজ্ঞ আন্দ্রে রাসেল ও সুনীল নারিন রয়েছেন। ইয়ন মর্গ্যানের জায়গায় কেকেআরকে কে নেতৃত্ব দেবেন সেদিকে রয়েছে সকলের নজর। শ্রেয়স আইয়ার রয়েছেন কেকেআরের পছন্দের তালিকায়। দীনেশ কার্তিকের বিকল্প হিসেবে ভালো মানের উইকেটকিপার-ব্যাটার চাই কেকেআরের। পেস অ্যাটাকও ভালো মানের করতে চাইছে নাইট-বাহিনী।

দিল্লি ক্যাপিটালস
বিগত দুটি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্থই নেতৃত্ব দেবেন। ফলে অন্য কয়েকটি দলের মতো অধিনায়ক ঠিক করার চিন্তা নেই দিল্লির। শিখর ধাওয়ানের মতো ভালো মানের ওপেনিং ব্যাটার নিতে চাইবে দিল্লি ক্যাপিটালস। কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়ার সঙ্গী করার জন্য প্যাট কামিন্সের জন্যও ঝাঁপাতে পারে ক্যাপিটালস।

রাজস্থান রয়্যালস
আগামী ৫-৬ বছরের পরিকল্পনা করেই আইপিএল নিলামে ক্রিকেটারদের জন্য ঝাঁপাচ্ছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দলকে ভোগাচ্ছে বোলিং বিভাগ। এবার নিলামে বোলিং শক্তি বাড়ানোর লক্ষ্যে যাবে রাজস্থান।

পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসকে এবার নামতে হবে নতুন অধিনায়কের নেতৃত্বে। ময়াঙ্ক আগরওয়াল রয়েছেন। তবে অন্য কাউকে নিয়ে তাঁর হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হতে পারে। ফিল্ডিং ভুগিয়েছিল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাবকে। খামতি মিটিয়ে খেতাবের লক্ষ্যে তাই শক্তিশালী দল গড়ারই পরিকল্পনা প্রীতি জিন্টাদের।
|
লখনউ সুপার জায়ান্টস
আইপিএলে নবাগত লখনউ সুপার জায়ান্টসে এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। পাঞ্জাব কিংসে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারে লখনউ। ক্রিকেটারদের অল-রাউন্ড দক্ষতায় জোর দিয়েই দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
|
গুজরাট টাইটান্স
হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করে শক্তিশালী দলই গড়তে চলেছে গুজরাট টাইটান্স। আপাতত অন্তত তিন বছরের কথা ভেবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে ক্রিকেটার নিতে নিলামে অংশ নেবে গুজরাটের এই দল।












Click it and Unblock the Notifications