আইপিএল মেগা নিলামে রবি কুমার, শেখ রশিদরা? ৬০০ জনের অকশন পুলে একজনই 'সব্যসাচী' স্পিনার
প্রথমে আইপিএল নিলামে ছিল মোট ৫৯০ জন ক্রিকেটারের নাম। সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৬০০। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের জন্য নিয়মে কিছু রদবদল এনেছে বিসিসিআই। এর ফলে শেখ রশিদ, রবি কুমার, দীনেশ বানার মতো ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের নাম যেমন অকশন পুলে যুক্ত হলো, তেমনই নাম রয়েছে এক সব্যসাচী স্পিনারের।

(ছবি- নিবেথন রাধাকৃষ্ণন ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা নিবেথন রাধাকৃষ্ণনই অকশন পুলের একমাত্র স্পিনার যিনি দুই হাতেই বল করতে পারেন (ambidextrous spinner)। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশাপাশি তিনি হাফ সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। দলকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার ম্যাচে সেরার পুরস্কারটিও পেয়েছিলেন নিবেথন। তাসমানিয়ার হয়ে বিশ্বের তাবড় ব্যাটারদের তিনি যেমন বল করেছেন, তেমনই তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দুই মরশুমে কাটিয়েছেন নেট বোলার হিসেবে। রিকি পন্টিং তাঁকে আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরেও নেট বোলার হিসেবে নিয়ে এসেছিলেন। যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। ডানহাতি অফব্রেক, বাঁহাতি অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে সিম বোলিং করতেও পারদর্শী রাধাকৃষ্ণন। আইপিএলের নিলামে তিনি চমকপ্রদ দর পেতেই পারেন।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক হওয়া দীপক হুডার নাম থাকবে ক্যাপড ক্রিকেটারদের তালিকায়। অলরাউন্ডারদের তৃতীয় সেটে তাঁর নাম রাখা হয়েছে। হুডার নাম প্রথমে ছিল ৮ নম্বর সেটে। তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ লক্ষ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহ অধিনায়ক শেখ রশিদ, উইকেটকিপার দীনেশ বানা, পেসার রবি কুমার, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, ওপেনার অঙ্গকৃষ রঘুবংশীর ভাগ্যপরীক্ষা হবে আইপিএলের নিলামে। এ ছাড়া আনক্যাপড ক্রিকেটারদের তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি, লান্স মরিস, ভারতের অগ্নিবেশ আয়াচি, হার্দিক তামোর, নীতীশ কুমার রেড্ডি, নরেন্দ্র হিরওয়ানির পুত্র মিহির, মনু কুমার, রোহন রানা, সাইরাজ পাটিল।
প্রথম দিনের নিলামে ১১ নম্বর সেট অবধি রয়েছে ৯৭ জন ক্রিকেটারের নাম। প্রথম সেটে থাকবে মার্কি ক্রিকেটারদের নাম। এরপর বাকি ৫টি সেটে ধাপে ধাপে ভাগ্য পরীক্ষা ৪৪ জন ক্রিকেটারের যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। প্রথম দিনের বাকি ৫টি সেটে থাকবে আনক্যাপড ক্রিকেটারদের নাম। একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, প্রথম দিনে ৯৭ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। রবিবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত চলবে ৯৮ থেকে ১৬১ জন ক্রিকেটারের নিলাম প্রক্রিয়া। তারপর বাকিদের নিয়ে হবে অ্যাকসিলারেটেড বিডিং। এই প্রক্রিয়ায় ১০টি দলকে অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে থেকে পছন্দ বেছে নিতে বলা হবে। সেই নামের তালিকা ধরে আইপিএল নিলাম দ্রুত শেষ করতে চলবে এই বিশেষ নিলাম প্রক্রিয়া।












Click it and Unblock the Notifications