আজ আইপিএল উদ্বোধনীতে যুবভারতী মাতাবেন অনুষ্কারা, দর্শকাসনে থাকবেন কোহলি
কলকাতা, ৭ এপ্রিল : আজ সন্ধ্যায় এক নয়া মাত্রা যোগ হতে চলেছে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে। এতদিন বিরাট কোহলি মাঠে নামলে গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা যেত বলিউড ডিভা অনুষ্কা শর্মাকে। আজ হতে চলেছে ঠিক উল্টোটা।
আজ সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গানের তালে তালে দর্শকদের মাতাবেন হৃত্বিক রোশন, শাহিদ কাপুর, অনুষ্কা শর্মারা। আর বসে বসে আম দর্শকদের মতো সেই অনুষ্ঠান উপভোগ করবেন বিরাট কোহলি সহ আইপিএলে অংশ নেওয়া বাকি ক্রিকেটাররা।

আইপিএল সূত্রে জানা গিয়েছে, এর আগের কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি হৃত্বিক রোশনকে। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই। আইপিএল কার্যকরী প্রধান সুন্দররামন আশা প্রকাশ করে বলেছেন, "হৃতিক দর্শকদের মাতিয়ে দেবেন।"
আজ যুবভারতীতে সদলবলে উপস্থিত থাকবেন কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যরা। বাকী দলগুলির শুধুমাত্র অধিনায়করা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বলিউড বাদশা শাহরুখ খান শুটিংয়ে ব্যস্ত থাকায় এদিন থাকতে পারছেন না।
এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সইফ আলি খান। এছাড়া মঞ্চ মাতাতে থাকছেন ফারহান আখতার ও তাঁর ব্যান্ড, শাহিদ কাপুর, বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব অনুষ্কা শর্মা, সুরকার প্রিতম ও তাঁর ব্যান্ড এবং অবশ্যই হৃত্বিক রোশন৷
হৃত্বিক, অনুষ্কাদের অনুষ্ঠান শেষে আইপিএলের আটটি দলের অধিনায়করা মঞ্চে প্রবেশ করবেন৷ গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মঞ্চে এসে ট্রফিটি ফিরিয়ে দিয়ে এবারের সংস্করণের সূচনা করবেন৷
মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে টিভিতে দেখা যাবে। আগামিকাল ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications