আইপিএল ফাইনাল: নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেনের যুদ্ধের রুদ্ধশ্বাস অপেক্ষা

কর্নাটকের মাটিতে ফাইনাল খেলা হলেও পাল্লা ভারী নাইট রাইডার্সদের। কারণ দু'টো। প্রথমত, বেঙ্গালুরুতে প্রচুর বাঙালির বাস। অধিকাংশই বয়সে নবীন। কলকাতা খেলছে, আর তাঁরা সমর্থন করবেন না, এটা তো হয় না! দ্বিতীয়ত, রবীন উথাপ্পা। কর্নাটকে যেমন জনপ্রিয়, তেমনই এই মরশুমে দুর্দান্ত খেলে মন কেড়েছেন বাঙালির। ফলে বাঙালি ছাড়াও স্থানীয় কন্নড় ভাষাভাষীরাও গলা ফাটাবেন নাইট রাইডার্সের পক্ষে। সন্ধে থেকে জনস্রোত যাবে মহাত্মা গান্ধী রোড থুড়ি চিন্নাস্বামী স্টেডিয়ামের উদ্দেশে।
২০১০ সালের ১৭ এপ্রিল এই চিন্নাস্বামী স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ হয়েছিল। কেউ মারা না গেলেও জখম হয়েছিলেন অনেকে। অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামকে। কড়াকড়িতে ছাড় নেই মিডিয়ারও। সমর্থকরা কী নিয়ে আর কী রেখে স্টেডিয়ামে ঢুকবেন, তার বিস্তর ফিরিস্তি দিয়েছে পুলিশ।
রবিবারের ফাইনালে নাইট রাইডার্সদের ভরসা যদি রবীন উথাপ্পা হন, তা হলে কিংস ইলেভেন পাঞ্জাবের আশা অবশ্যই বীরেন্দ্র শেওয়াগ। বীরু যে দারুণ খেলেছেন ওয়াংখেড়েতে, সেটা টুইট করে স্বীকারও করে নিয়েছেন রবীন উথাপ্পা। তবে এই মুগ্ধতা ধরে রেখে মাঠে নামলে তো আর হবে না! কারণ মাঠের অন্দরে বীরু শুধুই প্রতিদ্বন্দ্বী।
তবে আইপিএল ফাইনালকে এমন সীমাবদ্ধ গণ্ডিতে রাখতে নারাজ গৌতম গম্ভীর। তিনি বলেন, "আমি মনে করি, ভালো খেলতে গেলে তিনটি বিভাগেই সফল হতে হবে। শুধু একটি বিভাগের ওপর বা দু'-একজনের ওপর ভর করে ম্যাচ জেতা যায় না।" যদিও তাঁর সঙ্গে একমত নন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক জর্জ বেইলি। তিনি বলেছেন, "আসল বিষয় হল পিচ। যদি তা বোলারদের সাহায্য না করে, তবে ভালো বোলার নিয়েও সুবিধা হয় না। ব্যাটসম্যানরা দাপট দেখায়।" চিন্নাস্বামী স্টেডিয়ামে পাশাপাশি দু'টি পিচ রয়েছে। একটিতে ঘাস ও অন্যটি পাটা উইকেট। এই পাটা উইকেটে হচ্ছে আইপিএল ফাইনাল। সুতরাং ব্যাটসম্যানরা সুবিধা পাবেন, ধরাই যায়।
বিশ্লেষণ-পাল্টা বিশ্লেষণ সবই তো হল! কিন্তু খলনায়ক হয়ে উঠতে পারে বৃষ্টি। শনিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। রবিবার দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে ইতিউতি উড়ছে কালো মেঘ। সন্ধের পর তা জমাট বেঁধে যদি দুর্যোগ ডেকে আনে, তা হলে খেলা বিলকুল ভেস্তে যাবে!
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Getting onto MG Road. Like you, <a href="https://twitter.com/search?q=%23Bangalore&src=hash">#Bangalore</a>/Bengaluru :) <a href="http://t.co/C47eHY4nN6">pic.twitter.com/C47eHY4nN6</a></p>— Derek O'Brien (@quizderek) <a href="https://twitter.com/quizderek/statuses/473028928869638144">June 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>











Click it and Unblock the Notifications