IPL 2025: তারকাদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স, কে এই অনিকেত ভার্মা?
প্রতি মরশুমেই আইপিএলে একাধিক নতুন তারকার উত্থান ঘটে। ব্যাটে -বলে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন অনেকেই। চলতি মরশুমের আইপিএলব এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ভিগনেশ পুথুর বল হাতে নজর কেড়েছেন। তেমনই রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে সানরাইজার্সের হয়ে দুরন্ত ব্যাটিং করে চর্চার শিরোনামে অনিকেত ভার্মা।
রবিবার দিল্লির বিরুদ্ধে ট্রাভিস হেড, ঈশান কিষাণ, অভিষেক শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা ব্যাট হাতে ব্য়র্থ হলেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের মানরক্ষা করলেন অনামী অনিকেত ভার্মা। তাঁর ব্যাট থেকে এল ৪১ বলে ৭৪ রানের ইনিংস। পাঁচটি চার এবং ছয়টি ছক্কা মেরেছেন। দিল্লির বোলারদের অবলীলায় সামলেছেন। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছেন অনিকেত। কিন্তু কে এই অনিকেত ভার্মা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আইপিএলের মেগা নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় অনিকেতকে দলে নেয় সানরাইজার্স। ২০০২ সালে উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্ম অনিকেতের। উত্তরপ্রদেশে জন্ম হলেও অনিকেতের ক্রিকেট কেরিয়ারের বেশিরভাগটাই কেটেছে মধ্যপ্রদেশে। সেখানকার টি২০ লিগে নজর কাড়েন অনিকেত। ভোপালের একটি দলের হয়ে মধ্যপ্রদেশ প্রিমিয়ারল লিগে ৬ ম্যাচে ২৭৩ রান করেন। এরমধ্যে ৪১ বলে ১২৩ রানও আছে। অনূর্ধ্ব ২৩ দলের হয়ে কর্ণাটকের হয়ে ৭৫ বলে ১০১ রান করেন। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে একটি ম্যাচেই খেলার সুযোগ পান অনিকেত সেই ম্যাচে ০ রান করেন।
খুব অল্প বয়সেই মাতৃহারা হন অনিকেত। কাকার কাছেই মানুষ হয়েছেন। স্থানীয় রেলের মাঠেই ক্রিকেটে হাতেখড়ি, এরপর নিজেকে আরও শানিত করেছেন। ছোট বেলা থেকেই ব্যাট হাতে নজর কাড়েন। বয়স যত বেড়েছে ততই ব্যাটিং দক্ষতা বৃদ্ধি পেয়েছে। রত্ন চিনে নিতে ভুল করেনি সানরাইজার্স। অনিকেতের লক্ষ্য ছিল বড় মঞ্চে একদিন খেলবেন। অবশেষে আইপিএলে সুযোগ পান। রবিবার দলের সেরা তারকাদের ব্যর্থতার দিনেই ব্যাট হাতে নিজের দক্ষতার প্রমাণ রাখলেন। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে অনিকেত কিন্তু অনেক দূর যেতে পারেন।












Click it and Unblock the Notifications