IPL 2025: একাধিক বিভাগে প্রয়োজন ভালো ক্রিকেটার, নিলামে লখনউ দলের নজরে কারা? রইল তালিকা
মাঝে আর মাত্র কয়েকদিন। আগামী রবি এবং সোমবার আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেড্ডায়। ইতিমধ্যেই সব দলই অঙ্ক কষতে শুরু করে দিয়েছে, ব্যাতিক্রম নয় লখনউও। ৬৯টি টাকা নিয়ে নিলামে যাবেন সঞ্জীব গোয়েঙ্কার দল। নিলামে শক্তিশালী দল গঠনের জন্য কাদের দিকে বেশি ফোকাস করতে পারে লখনউ দল? সম্ভাব্য সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
কুইন্টন ডি কককে এবার রিটেন করেনি লখনউ দল। কিন্তু তাঁকে ফের দলে নেওয়ার জন্য দর হাঁকতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। কারণ প্রোটিয়া তারকাকে দলে নিলে একইসঙ্গে উইকেটরক্ষক এবং ওপেনার দুই বিভাগই পূরণ হবে লখনউ দলের। তালিকায় দ্বিতীয় নাম ভেঙ্কটেশ আইয়ার। গত কয়েক মরশুম ধরেই নাইটদের পরিবারের নিয়মিত সদস্য। এবার তাঁর দিকে নজর রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির সেই তালিকায় নাম আছে লখনউয়েরও।

স্পিন বোলিংয়ে বৈচিত্র দরকার লখনউ দলের, রবি বিষ্ণোই অবশ্যই সেরা স্পিনার, তঁাকে রিটেনও করে নিয়েছে লখনউ। তাঁর সঙ্গে একজন ভালো বিদেশি স্পিনার হলে দলের শক্তি বৃদ্ধি পাবে। এখানে লখনউ দলের পছন্দ শ্রীলঙ্কার হাসারঙ্গা। একইসঙ্গে ভুবনেশ্বর কুমারের দিকে নজর আছে লখনউ দলের। ডেথ ওভারে তাঁর উইকেট নেওয়ার ক্ষমতা আছে এখনও।
লখনউ দলকে প্রথমেই একজন অধিনায়কের খোঁজ করতে হবে। সেই সঙ্গে মিডল ওর্ডার ব্যাটার লাগবে, পাশাপাশি বিদেশি পেসারের দিকেও নজর থাকবে সঞ্জীব গোয়েঙ্কাদের। লখনউ দলের হাতে আছে একটি আরটিএম। ফলে সেটা ব্যবহার করা যাবে ক্যাপড ক্রিকেটারের ক্ষেত্রে। এই ক্ষেত্রে লখনউ ফেরাতে পারে ক্রুণাল পাণ্ডিয়া, নবীন উল হক, কুইন্টন ডি কককে।
লখনউ দল রিটেনে ধরে রেখেছে নিকোলাস পুরাণ , তাঁকে ২১ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে লখনউ দল। এছাড়া রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি) ধরে রেখেছে তারা। ফলে নিলামে তারকাদের নেওয়ার সুযোগ থাকছে লখনউ দলের কাছে।












Click it and Unblock the Notifications