IPL 2025: ইডেনেই ৪০০! প্রথম ভারতীয় হিসেবে কেকেআর-আরসিবি ম্য়াচে বিরাট নজির গড়ছেন কোহলি
IPL 2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচে শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ বেঙ্গালুরুতে ছিল আরসিবি আনবক্স ইভেন্ট।
এই অনুষ্ঠানে নতুন জার্সি পরে ক্রিকেটাররা হাজির হলেন। সমর্থকরা দেখলেন প্রিয় দলের প্র্যাকটিস। সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলিই।

বিরাট কোহলি টানা ১৮ মরশুম আরসিবির হয়ে খেলছেন। এমন নজির আর কারও নেই। শনিবার মাঠে নামলেই বিরাট আরও এক ঈর্ষণীয় নজির গড়ে ফেলবেন। ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচ বিরাটের কেরিয়ারের ৪০০তম টি২০ হতে চলেছে।
বিরাট কোহলিই প্রথম ভারতীয় প্লেয়ার যিনি শতাধিক টেস্ট ও টি২০ আন্তর্জাতিক ও তিন শতাধিক একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি ৪০০টি টি২০ ম্য়াচ খেলার নজির গড়বেন। বিরাটের আগে ভারতের মাত্র ২ জন ক্রিকেটারই চারশোটি টি২০ খেলেছেন।
বিশ্বে সবচেয়ে বেশি ৬৯৫টি টি২০ ম্য়াচ খেলার রেকর্ড রয়েছে কায়রন পোলার্ডের দখলে। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি২০ খেলার নজির রয়েছে রোহিত শর্মার। রোহিতের ক্ষেত্রে সেই সংখ্যাটি ৪৪৮। দীনেশ কার্তিক ৪১২টি টি২০ খেলেছেন।
ফলে রোহিত ও কার্তিকের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৪০০টি টি২০ খেলার নজির স্পর্শ করতে চলেছেন বিরাট। তাও আবার ইডেনেই। ডেভিড ওয়ার্নারের ৩৯৯টি টি২০ খেলার নজির পিছনে ফেলে দেবেন কোহলি। সব কিছু ঠিকঠাক চললে মহেন্দ্র সিং ধোনিও চলতি আইপিএলেই ৪০০টি টি২০ খেলার নজির গড়বেন। আপাতত তিনি ৩৯১টি টি২০ খেলেছেন।
বিরাট ১২৩টি টেস্ট, ৩০২টি ওডিআই ও ১২৫টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ৩৯৯টি টি২০ ম্যাচে তিনি ১২ হাজার ৮৮৬ রান করেছেন। ৯টি শতরান এবং ৯৭টি অর্ধশতরান রয়েছে। আইপিএলে আরসিবির হয়ে ২৫২টি ম্যাচ খেলেছেন বিরাট। চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ১৫টি ম্যাচ। আইপিএলে ৮টি শতরানও রয়েছে কোহলির। বল হাতে পেয়েছেন ৪ উইকেট।
গত বছরের আইপিএলে ১৫ ম্যাচে ৭৪১ রান করেছিলেন কোহলি। ১টি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ।












Click it and Unblock the Notifications