IPL 2025: আইপিএলে ব্রেন-ফেড! আম্পায়ারকে দেখে অবাক বিরাট, কিষাণকে নিয়ে সরব শেহওয়াগ
IPL 2025: আইপিএলে ব্রেন ফেডের ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে। প্রথমটি ঈশান কিষাণের। তারপর গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে।
আম্পায়ারের ব্রেন-ফেড দেখে হতবাক বিরাট কোহলি। অন্যদিকে, কিষাণের বিষয়টি নিয়ে সরব বীরেন্দ্র শেহওয়াগ।

গতকাল রাজস্থান রয়্যালসকে বেঙ্গালুরুতে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচেই রাজস্থান রয়্যালসের ইনিংসের দশম ওভারে ঘটল অভাবনীয় ঘটনা। পুরোপুরি ঘেঁটে ঘ অন-ফিল্ড আম্পায়ার। যে ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
দশম ওভারে বল করছিলেন আরসিবির ক্রুণাল পাণ্ডিয়া। ধ্রুব জুরেলের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার উল্লাস গান্ধে। জুরেল রিভিউ নেন। দেখা যায়, প্যাডে লাগার আগে বল ব্যাটে লেগেছে জুরেলের। ফলে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দেন।
সেই সময়ই মহা ভুল করে বসেন উল্লাস। আউটের সিদ্ধান্ত বদল করতে যে সিগন্যাল দেওয়া হয় বিপত্তি সেখানেই। সিদ্ধান্ত পরিবর্তনের সিগন্যাল ঠিক থাকলেও জুরেলকে ফের আউট দেন আম্পায়ার। এরপরই ভুল বুঝতে পেরে তিনি ফের হাত নেড়ে বুঝিয়ে দেন এটি আউট নয়। আম্পায়ারের এমন ভুলভাল কাজে স্বাভাবিকভাবেই অবাক বিরাট কোহলি। তাঁর অভিব্যক্তিও ভাইরাল হয়।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) April 24, 2025
এই ঘটনা নিশ্চিতভাবেই আম্পায়ারের ব্রেন-ফেড। তবে ব্রেন-ফেডের ঘটনা চলতি আইপিএলে প্রথম নয়। সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ব্যাটে বল না লাগা সত্ত্বেও মাঠের বাইরে চলে যান ঈশান কিষাণ।
বোলার দীপক চাহার বা উইকেটকিপার রায়ান রিকেলটন আবেদন করেননি। এমনকী পরে রিপ্লেতে দেখা যায় বল ব্যাটেই লাগেনি কিষাণের। পরে নিজের কৃতকর্মের জন্য ড্রেসিংরুমে কিষাণের হতাশার ছবিও ধরা পড়ে টিভি ক্যামেরায়।
এ প্রসঙ্গে ক্রিকবাজে বীরেন্দ্র শেহওয়াগ বলেন, অনেক সময় মাথা কাজ করে না কোনও বিশেষ মুহূর্তে। এটাই ব্রেন-ফেড। কিষাণের দাঁড়িয়ে থাকা উচিত ছিল। আম্পায়ারও তো তাঁদের কাজের জন্য পয়সা পান। তাঁকে তাঁর কাজটা তো করতে দিতে হবে। আমি এই ধরনের সততা বুঝি না। ব্যাটে লাগলে তবু নয় ঠিক ছিল। সেক্ষেত্রে মাঠ থেকে বেরিয়ে গেলে সেটি ক্রিকেটীয় স্পিরিটের পক্ষে ঠিক। কিন্তু এটি আউট ছিল না। আম্পায়ার নিশ্চিত ছিলেন না। তা সত্ত্বেও কিষাণ বেরিয়ে গেলেন হঠাৎ করে।
এদিকে, গতকাল আরসিবি জেতায় তাদের ৯ ম্যাচে ১২ পয়েন্ট হলো। পয়েন্ট তালিকার তিনে রয়েছেন রজত পাটীদাররা। রাজস্থান রয়্যালস ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে আটে।












Click it and Unblock the Notifications