IPL 2025: বিরাট হাঁকালেন শততম টি২০ হাফ সেঞ্চুরি, জয়পুরে রাজস্থানকে উড়িয়ে জয়ের সরণিতে আরসিবি
IPL 2025: আইপিএলে ফের জয়ের সরণিতে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়পুরে প্রথমবার হোম ম্যাচ খেলতে নেমে পরাস্ত রাজস্থান রয়্যালস। টানা ২টি ম্যাচে হারলেন সঞ্জু স্যামসনরা।
জয়ের জন্য আরসিবির সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান রয়্যালস। হিসেব কষে খেলে সেই লক্ষ্যে পৌঁছে গেল আরসিবি। বিরাট কোহলি পেলেন টি২০-তে শততম অর্ধশতরান।

আজ টস জিতে ফিল্ডিং নেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ তোলে রাজস্থান রয়্যালস। শেষ পাঁচ ওভারে ৫৯ ও শেষ চার ওভারে ৪৭ রান ওঠে। বিরাট কোহলি ধ্রুব জুরেলের সহজ ক্যাচ ফেলেন। আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আরসিবি, খারাপ ফিল্ডিংয়ের কারণে।
ওপেনার যশস্বী জয়সওয়াল ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৫ রান করেন। তিনি ১৬ ওভারের শেষ বলে জশ হ্যাজলউডের বলে লেগ বিফোর হন, রিভিউ নিয়ে লাভ হয়নি। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ১৯ বলে ১৫।
রিয়ান পরাগ ২২ বলে ৩০, শিমরন হেটমায়ার ৮ বলে ৯ রান করেন। ধ্রুব জুরেল ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৫ এবং নীতীশ রানা ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩২, যশ দয়াল ৪ ওভারে ৩৬, জশ হ্যাজলউড ৩ ওভারে ২৬ ও ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি করে উইকেট পান। লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ৮ ও সুযশ শর্মা ৪ ওভারে ৩৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে আরসিবি ওপেনিং জুটিতেই তুলে ফেলে ৮.৪ ওভারে ৯২ রান। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ফিল সল্ট ৩৩ বলে ৬৫ রান করেন। তিনি কুমার কার্তিকেয় সিংয়ের বলে যশস্বীর হাতে ক্যাচ দেন।
Kohli gets to his 5⃣0⃣ in 𝗥𝗢𝗬𝗔𝗟 style! 👑
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
🎥 Watch Virat Kohli light up the chase with his classic fireworks! 🔥
Updates ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @RCBTweets | @imVkohli pic.twitter.com/8lNUHmUCKx
এরপর দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে ছয় মেরে টি২০ ক্রিকেটে শততম অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৯ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান তিনি।
আরসিবি চলতি আইপিএলে চতুর্থ জয়টি ছিনিয়ে নিল ১৭.৩ ওভারেই। ১৫ বল বাকি থাকতে জয় ৯ উইকেটে। বিরাট কোহলি চারটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৪৫ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। দেবদত্ত পাড়িক্কল ইমপ্যাক্ট সাব হিসেবে তিনে নেমে পাঁচটি চার ও একটি ছয়ের দৌলতে ২৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।
সঞ্জু স্যামসন সাতজন বোলার ব্যবহার করলেন। কুমার কার্তিকেয় ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ৩ ওভারে ২৫ রান দিয়ে একমাত্র উইকেটটি পেলেন। এই জয়ের সুবাদে আরসিবি পয়েন্ট তালিকার তিনে উঠে এলো। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ০.৬৭২। রাজস্থান রয়্যালস ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত সাতে। কেকেআর নেমে গেল পাঁচে।












Click it and Unblock the Notifications