IPL 2025: কেকেআরের ডেরায় বিরাট হ্যামলিনের বাঁশিওয়ালা, অনুশীলনেই ইডেন মাতিয়ে দিলেন কিং কোহলি
আগামী শনিবার আইপিএলের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। বুধবার সন্ধ্যায় কলকাতায় আগমন ঘটে বিরাট কোহলি সহ আরসিবি দলের। বৃহস্পতিবার বিকেলে ইডেনে অনুশীলনের জন্য হাজির কিং কোহলি। আরসিবি টিমের একাধিক তারকা থাকলেও ফোকাসে একজনই তিনি বিরাট কোহলি।
বৃহস্পতিবার বিকেলে ৫.১৫ মিনিটে ইডেনে আসে আরসিবি দলের টিম বাস। বিরাট কোহলি ক্রিকেটার নন্দন কাননে পা দেওয়ার পর থেকেই যাবতীয় ক্যামেরা ফোকাস তাঁর দিকেই। নাইটদের ডেরায় বিরাট কোহলি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। তিনি যেখানে গেলেন সেখানেই তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার বিকেল থেকেই বিরাট জ্বরে আক্রান্ত গোটা ইডেন। ক্লাব হাউসের এক নম্বর গেট দিয়ে বিরাট কোহলি ইডেনে প্রবেশ করলেন।

আরসিবি দলের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে ইডেনে একই সঙ্গে অনুশীলন করছিল কেকেআরও। অন্য দিন গুলিতে রাসেল - রিঙ্কুদের অনুশীলন দেখতেই উন্মুখ থাকেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা কিন্তু লক্ষ্মীবারের বিকেলে উলট পুরান। সৌজন্যে বিরাট কোহলি। বিরাটের প্র্যাক্টিস দেখার জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেট প্রেমীরা। এদিন অনুশীলন করতে নেমে কোন রকম ওয়ার্ম আপ করলেন না সরাসরি নেটে ব্যাট হাতে প্রবেশ করলেন বিরাট কোহলি।
বিরাট যখন ব্যাট করছিলেন নেটে তখন কেকেআরের দিক সম্পূর্ণ ফাঁকা। অনুশীলন দেখতে আসা সব দর্শকরাই চলে যান কে ব্লকের দিকে, যাতে খুব কাছ থেকে বিরাট কোহলির অনুশীলন দেখা যায়। বৃহস্পতিবারের বিকেলে ইডেনকে এক লহমায় দেখলে বোঝা কঠিন এটা কলকাতার ঘরের মাঠ নাকি কেকেআর এখানে অতিথি দল। এটাই যেন বিরাট ম্যানিয়া। সব দর্শকরাই বিরাটমুখী। কোহলির জ্বরে কাপছে কলকাতা।
অনুশীলনের শুরুতে থ্রো ডাউনে ব্য়াট করেন। এরপর পেস বোলারদের বিরুদ্ধে খেললেন বিরাট কোহলি। হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে খেললেন। এই দুই বোলারদের বিরুদ্ধে বড় বড় শট নিলেন। এরপর স্পিনার ক্রণাল পান্ডিয়ার বিরুদ্ধেও খেললেন। শুধু পাণ্ডিয়া নয় আরও কয়েকজন স্পিনারের বিরুদ্ধে ব্যাট করলেন বিরাট কোহলি। স্টেপ আউট করে মারলেন। এদিনের অনুশীলন বিরাটকে ছন্দে দেখা গেল।
প্রায় ৩০ মিনিটের কাছাকাছি নেটে ব্যাটিং অনুশীলন করলেন। নেট থেকে বেরিয়েও ব্যাট হাতে নিজেকে আবারও ঝালিয়ে নিলেন কোহলি। প্রিয় ইডেনে রানে ফিরতে কতটা মরিয়া কোহলি সেটা তাঁর অনুশীলন থেকেই স্পষ্ট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন। এবার আইপিএলের মঞ্চেও নিজেকে প্রমাণ করতে মরিয়া কিং কোহলি। ২০২৪ সালে বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নেন বিরাট কোহলি এর ফলে টি২০ খেলা এখন শুধুমাত্র আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ কোহলির। শনিবার সন্ধ্যা ইডেনে বিরাট শো দেখার অপেক্ষায় কলকাতার ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications