IPL 2025: আইপিএলে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন নজির, আরসিবিকে হারাতেই মহাকীর্তি অক্ষরের
IPL 2025: আইপিএলে টানা চারটি ম্যাচে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলই একমাত্র চলতি আইপিএলে এখনও অপরাজেয়।
আরসিবি টানা ২টি ম্যাচ হারল ঘরের মাঠে। তবে এই ম্যাচেও বিরাট কোহলি গড়লেন ঈর্ষণীয় নজির।

বিরাট কোহলি গতকাল আউট হন বিপ্রাজ নিগমের বলে। মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে। তাঁর ইনিংসে রয়েছে ১টি চার ও ২টি ছয়। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে চার ও ছক্কার সম্মিলিত যোগফল ১ হাজারের উপর নিয়ে যেতে সক্ষম হলেন কোহলি।
বিরাট কোহলির নামের পাশে চারের সংখ্যা ৭২১টি। ছয় মেরেছেন ২৮০টি। আইপিএলে শিখর ধাওয়ান চার ও ছয় মেরেছেন মোট ৯২০টি। ধাওয়ানের পর রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (৮৯৯) ও রোহিত শর্মা (৮৮৫)। গতকাল নিগমের লেগ ব্রেকে ড্রাইভ মারতে যান কোহলি, ধরা পড়েন লং-অফে স্টার্কের হাতে।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে বিরাট কীর্তি গড়লেন অক্ষর প্যাটেলেও। এর আগে, দিল্লি ফ্র্যাঞ্চাইজির কোনও অধিনায়ক প্রথম চারটি ম্যাচের চারটি জিততে পারেননি। ২০০৯ সালের আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলস জিতেছিল প্রথম তিনটি ম্যাচ।
Cake bhi smash kiya aur phir photo bhi li 😂🤳 pic.twitter.com/ZrPzD6hVw7
— Delhi Capitals (@DelhiCapitals) April 11, 2025
বীরুর সেই কীর্তি ভেঙে দিলেন অক্ষর। দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচ রবিবার দিল্লিতে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। চলতি আইপিএলে প্রথম ম্য়াচে বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসকে ৩ বল বাকি থাকতে ১ উইকেটে হারিয়েছিল দিল্লি।
এরপর বিশাখাপত্তনমেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে অক্ষররা হারান ২৫ রানে। তারপর গতকালের জয়। দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৪ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেট ১.২৭৮। শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের রয়েছে ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.৪১৩।












Click it and Unblock the Notifications