IPL GC Meeting: আইপিএলের মহা-বৈঠকের আগেই বড় আপডেট! কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলি?
IPL GC Meeting: বেঙ্গালুরুর হোটেলে আজ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। কাল বেঙ্গালুরুতে একই হোটেলে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা।
আইপিএলের বৈঠকের আগেই জানা গেল বড় আপডেট। ইএসপিএনক্রিনইনফোর প্রতিবেদনে উল্লেখ, আইপিএলের ১০টি দলকে পাঁচজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়া হতে পারে। সেই সঙ্গে থাকবে একটি করে রাইট-টু-ম্যাচ কার্ড ব্যবহারের বিকল্প।

আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আজ ডাকা হলেও সদস্যদের জানানো হয়েছে গতকাল। মনে করা হচ্ছে, এই বৈঠকেই রিটেনশন-সহ আইপিএলের যাবতীয় নিয়ম চূড়ান্ত করে ফেলা হবে। তারপর তা ঘোষণা করা হতে পারে। কিংবা তা পেশ করা হবে কাল বিসিসিআইয়ের এজিএমে।
এজিএমে আইপিএল নিয়ে আলোচনার পর যাবতীয় নিয়ম জনসমক্ষে আনা হতে পারেও জল্পনা রয়েছে। গত জুলাই মাসে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। বিভিন্ন দলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন নিয়ম রাখতে যাতে বেশি সংখ্যক ক্রিকেটার বা কোর গ্রুপ ধরে রাখা যায়।
ইএসপিএনক্রিকনইনফোর প্রতিবেদনে, ৫ ক্রিকেটারকে ধরে রাখা ও একটি আরটিএম কার্ড ব্যবহারের সম্ভাবনার কথা জানানো হলেও কতজন ভারতীয় বা কতজন বিদেশি ক্রিকেটার ধরে রাখা যাবে, তা উল্লেখ করা হয়নি। একইভাবে জানা যায়নি, যে ক্রিকেটারদের ধরে রাখা যাবে তাঁদের কার জন্য সর্বাধিক কত পরিমাণ অর্থ বরাদ্দ করা যাবে।
প্লেয়ার ধরে রাখা বা নিলাম থেকে ক্রিকেটার নিতে কোন দল কত পরিমাণ অর্থ খরচ করতে পারবে সেই বিষয়টিও আজকের আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হতে পারে। তবে তা ১১৫ থেকে ১২০ কোটি টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।
কাল বিসিসিআইয়ের এজিএমের পরই রিটেনশন নিয়ে ঘোষণার সম্ভাবনা বেশি। যদি এই ৫+১ মডেল অনুমোদিত হয় তবে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রিটেনশন হবে এবারই। ২০১৮ সালের আইপিএলের আগে ২০১৭ সালে হওয়া মেগা নিলামে ৫টি রিটেনশন অনুমোদিত হয়েছিল। তিনটি সরাসরি রিটেনশন বা তিনটি আরটিএম কার্ডের মাধ্যমে, তিনজন ভারতীয়কে রাখা বাধ্যতামূলক ছিল।
আরটিএমের নিয়ম ২০২২ সালের মেগা নিলামের আগে তুলে দেওয়া হয়। এই কার্ড ব্যবহারের নিয়ম হলো- নিলামে কোনও ক্রিকেটারের সর্বাধিক দর ওঠার পর তাঁর পুরানো দলকে সুযোগ দেওয়া হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে ফেরানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে ব্যবহার করতে হয় রাইট টু ম্যাচ কার্ড। অর্থাৎ যে দর উঠেছে সেই দরেই ওই ক্রিকেটারকে নেওয়া যেতে পারে।
২০২২ সালে সর্বশেষ মেগা নিলামে আইপিএলের পুরানো ৮টি দলকে চারজন করে ক্রিকেটার ধরে রাখার অনুমতি দেওয়া হয়েছিল। বাকি ক্রিকেটারদের পুল থেকে তিনজন করে ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল নবাগত লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। ২০১৭ সালে ফ্র্যাঞ্চাইজিদের পার্সে ছিল ৮০ কোটি টাকা। ২০২২ সালে তা বেড়ে হয়েছিল ৯০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications