IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদই সবচেয়ে শক্তিশালী! সেরা ১২ বেছে নেওয়াই বড় চ্যালেঞ্জ অরেঞ্জ আর্মির
IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ চলতি বছর ফাইনালে উঠেও খেতাব দখল করতে পারেনি। হারতে হয়েছিল কেকেআরের কাছে।
তবে এবার যে দল তারা গড়ল তাকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে কাব্য মারান, ড্যানিয়েল ভেত্তোরিরা ২০১৬ সালের পর ফের খেতাবের আশা করতেই পারেন ২০২৫-এ।

প্রতিটি দলের কাছেই সুযোগ ছিল ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার। ৮ জন বিদেশিকে নিয়ে দল গঠন করা যেত। তবে সেই লক্ষ্যপূরণের আগেই টাকা শেষ সানরাইজার্সের। অরেঞ্জ আর্মিতে এবার রইলেন ৭ বিদেশি-সহ ২০ জন ক্রিকেটার। তবে কাকে ছেড়ে কাকে চূড়ান্ত দলে বাদ দেওয়া হবে সেটাই চর্চার বিষয়।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনই বিধ্বংসী ব্যাটিংয়ে পারদর্শী। বোলিং বিভাগও বেশ বৈচিত্র্যপূর্ণ, তারকাসমৃদ্ধ। যা নিশ্চিতভাবেই প্রতিপক্ষ দলগুলিকে চিন্তায় ফেলতে পারে। তবে ব্যাক-আপ হিসেবে যে বিদেশিদের (কামিন্দু মেন্ডিস, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা) নেওয়া হয়েছে তাঁদের আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই।
সানরাইজার্স হায়দরাবাদ নিলামের আগে ধরে রেখেছিল অধিনায়ক প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হেইনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডিকে। ব্যাটার হিসেবে সানরাইজার্সে রয়েছেন হেড, অভিনব মনোহর, অনিকেত ভার্মা, সচিন বেবি।
উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ঈশান কিষাণ, হেইনরিখ ক্লাসেন, অথর্ব তাইড়ে। ক্লাসেন যদি কিপিং করেন তাহলে ঈশান কিষাণ ব্যাটার হিসেবেই একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলানো হতে পারে। কিংবা কিষাণ কিপিং করলে ক্লাসেন ব্যাটার হিসেবেই খেলবেন, তাঁর চাপও কমবে কিছুটা।
অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন অভিষেক শর্মা (স্পিন), নীতীশ কুমার রেড্ডি (পেস), কামিন্দু মেন্ডিস (স্পিন)। বিশেষজ্ঞ স্পিনার যাঁরা রয়েছেন তাঁরা হলেন অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, জিশান আনসারি। জোরে বোলারদের তালিকাও তারকাখচিত ও অভিজ্ঞতাসমৃদ্ধ। রয়েছেন মহম্মদ শামি, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, জয়দেব উনাদকাট, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা।
সানরাইজার্সের সেরা সম্ভাব্য ১২ (ইমপ্যাক্ট প্লেয়ার-সহ)- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications