IPL 2025: কার্সকে পাচ্ছে না সানরাইজার্স! প্যাট কামিন্সের দলের হয়ে আইপিএল অভিষেকের অপেক্ষায় মুল্ডার
IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন। টুর্নামেন্ট থেকে ছিটকেও যান। এবার আইপিএলেও খেলতে পারবেন না ব্রাইডন কার্স।
তার জেরে সমস্যায় পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। যদিও গতবারের রানার-আপদের মুশকিল আসান দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ম্যাচেই পায়ের পাতায় চোট লেগেছিল কার্সের। বাকি ম্যাচগুলি খেলতে পারেননি। তখন থেকেই সংশয় তৈরি হয়েছিল আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে। অবশেষে ছিটকেই গেলেন কার্স।
২৯ বছরের কার্সকে বেস প্রাইস ১ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স। ইংল্যান্ডের ভারত সফর চলাকালীনই বাঁ পায়ের চোট ভোগাতে শুরু করে কার্সকে। অস্ট্রেলিয়া ম্যাচে তা বেড়ে যায়। এই ম্যাচে তিনি ৭ ওভারে ৬৯ রান দিয়েছিলেন। তারপরই পায়ের চোট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দেয় কার্সকে।
তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলে তিনি যোগ দিলেন ৭৫ লক্ষ টাকায়। দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তিনটি ম্যাচে ৬টি উইকেট দখল করেছেন।
আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তবে অবিক্রিতই থেকে গিয়েছিলেন। এই প্রথম আইপিএল দলে খেলার সুযোগ পেলেন মুল্ডার। তিনি ১৮টি টেস্টে ৫৮৯ রান করার পাশাপাশি ৩০টি উইকেট নিয়েছেন।
Welcome onboard 🧡
— SunRisers Hyderabad (@SunRisers) March 6, 2025
The all-rounder from 🇿🇦 is now a RISER 🔥#PlayWithFire pic.twitter.com/we4AfNuExc
একদিনের আন্তর্জাতিকে ২৫টি ম্যাচে ২৭৬ রান করেছেন, উইকেট রয়েছে ২২টি। ১১টি টি২০ আন্তর্জাতিকে মুল্ডার ১০৫ রান করেছেন, ৮ উইকেট নিয়েছেন। টেস্টে তাঁর ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। ১২৮টি টি২০ ম্যাচে ২১৭২ রান ও ৬৭টি উইকেট পেয়েছেন। ১২টি হাফ সেঞ্চুরিও রয়েছে।
এসএ২০, ভাইটালিটি ব্লাস্ট ও এমএসএলে খেলার পর আইপিএল অভিষেকের অপেক্ষায় মুল্ডার। ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে সানরাইজার্স।












Click it and Unblock the Notifications