IPL 2025: স্টেনকে ছাঁটল সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংসে পন্টিংয়ের সাপোর্ট স্টাফে কারা?
IPL 2025: আইপিএলে রিটেনশন ডেডলাইনের আগে বিভিন্ন দল নিলামের রণকৌশল সাজাচ্ছে। আগামী মাসেই আইপিএলের মেগা নিলাম। তার আগে বিভিন্ন দলের কোচিং স্টাফেও বদল হচ্ছে।
সানরাইজার্স হায়দরাবাদ যেমন বোলিং কোচে বদল আনার সিদ্ধান্ত নিল। যার ফলে ছাঁটাই হলেন ডেল স্টেন। তবে পাঞ্জাব কিংস বেশিরভাগ সাপোর্ট স্টাফকে ধরে রেখে সামান্য রদবদল করছে। বোলিং কোচ হিসেবে স্বদেশীয়কেই আনছেন রিকি পন্টিং।

পাঞ্জাব কিংস হেড কোচ হিসেবে নিয়োগ করেছে রিকি পন্টিংকে। পাঞ্জাব কিংসে বোলিং কোচ হতে চলেছেন জেমস হোপস। পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচ থাকাকালীন হোপস সাপোর্ট স্টাফ হিসেবে ছিলেন। এ ছাড়া পাঞ্জাব কিংস রেখে দিচ্ছে স্পিন বোলিং কোচ সুনীল যোশী, ব্যাটিং কোচ ব্র্যাড হ্যাডিন ও ফিল্ডিং কোচ ট্রেভর গঞ্জালভেসকে।
আগেই পাঞ্জাব কিংস সরিয়ে দিয়েছে হেড কোচ ট্রেভর বেলিস ও ক্রিকেট ডেভেলপমেন্ট প্রধান সঞ্জয় বাঙ্গারকে। পন্টিংকেই বড় দায়িত্ব দিয়ে আনা হয়েছে। চার বছরের চুক্তিতে। ২০১৪ সালে পাঞ্জাব আইপিএল ফাইনালে উঠেছিল। তার আগে বা পরে আর পারেনি। জিততে পারেনি খেতাবও।
আইপিএলের জন্য কাদের ধরে রাখা হবে তা পন্টিংই মূলত ঠিক করবেন। অর্শদীপ সিং, শশাঙ্ক সিংকে ধরে রাখা হবে বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত। শিখর ধাওয়ান অবসর নেওয়ায় পাঞ্জাব কিংসকে বেছে নিতে হবে নতুন অধিনায়কও।
অন্যদিকে, ডেল স্টেনকে আর বোলিং কোচ হিসেবে রাখছে না সানরাইজার্স হায়দরাবাদ। তবে দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০-তে একই মালিকানাধীন ইস্টার্ন কেপ দলের বোলিং কোচের দায়িত্বে থাকছেন প্রোটিয়া কিংবদন্তি। ২০২২ সালের আইপিএলের আগে সানরাইজার্সের বোলিং কোচ হন স্টেন। তবে চলতি বছর আইপিএলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
স্টেনকে সরানোর ফলে সানরাইজার্স হায়দরাবাদে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন জেমস ফ্র্যাঙ্কলিন। স্টেন নিজেই এক্স হ্যান্ডলে জানিয়েছেন, তিনি আইপিএলের আসরে ফিরতে পারছেন না। তবে ইস্টার্ন কেপকে তৃতীয়বার খেতাব জেতাতে তিনি বদ্ধপরিকর।
২০২১ সালে স্টেন সানরাইজার্সের বোলিং কোচ হন, তখন হেড কোচ ছিলেন টম মুডি। ২০২৩ সালে হেড কোচ হন ব্রায়ান লারা। যদিও চলতি বছরের আইপিএলে ড্যানিয়েল ভেত্তোরি সানরাইজার্সের হেড কোচ হন। ভেত্তোরির প্রশিক্ষণাধীন সানরাইজার্স ২০১৮ সালের পর এবারই প্রথম ফাইনাল খেলে। তবে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে।












Click it and Unblock the Notifications