IPL 2025: পন্থের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন পুরাণ, আইপিএল নিয়ে নিজের পরিকল্পনা জানালেন ক্যারিবিয়ান তারকা
আইপিএল শুরু হতে বাকি মাত্র দুইদিন। সব দলের প্রস্তুতি চলছে জোর কদমে। ব্যতিক্রম নয় লখনউ সুপার জায়ান্টস। ইতিমধ্যেই এই দলের জার্সি উন্মোচনও হয়ে গিয়েছে। এবার লখনউ দলের অন্যতম শক্তি নিকোলাস পুরাণ। আইপিএল শুরুর কয়েকদিন আগে ওয়ান ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লখনউ দলে খেলার অনুভূতি থেকে নিজের পরিকল্পনা সম্পর্কে জানালেন ক্যারিবিয়ান এই তারকা।
লখনউ দল তাঁকে রিটেন করেছে নিলামের আগেই। ফের একবার নিজের প্রিয় দলে খেলার প্রসঙ্গে পুরাণ বলেছেন, খুব ভালো লাগছে আবার লখনউ দলে ফিরতে পেরে। একানা স্টেডিয়ামের দর্শকদের সামনে খেলতে পারব এটা ভেবে খুব ভালো লাগছে।

আসন্ন মরশুমে নিজের পরিকল্পনা সমন্ধে পুরাণ বলেন, আমি অত্যন্ত সম্মানিত যে ফ্র্যাঞ্চাইজি আমাকে এতটা গুরুত্ব দিয়েছে। বহুমূল্যে আমাকে দলে রেখে দিয়েছে। তাই আমি অত্যন্ত কৃতজ্ঞ টিম ম্যানেজমেন্টের কাছে। তবে দল আমার থেকে যেমন ক্রিকেট চাইবে আমি তেমনই খেলবে। আমি ওপেন থেকে শুরু করে যে কোনও অর্ডারেই খেলতে প্রস্তুত তবে সেটা দলের পরিকল্পনা অনুসারে।
এবার কেএল রাহুল দলে নেই। নতুন অধিনায়ক ঋষভ পন্থের অধীনে খেলবে লখনউ দল। নতুন অধিনায়ক পন্থের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন নিকোলাস পুরাণ। তাঁর কথায়, পন্থ অবশ্যই স্পেশ্যাল একজন ক্রিকেটার। তিনি যতটা ভালো ক্রিকেটার তার থেকে ভালো একজন মানুষ। আমরা এবার নতুনভাবে শুরু করব। আমরা দলের ক্রিকেটাররা ওকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। পন্থের নেতৃত্বে খেলতে আমরা মুখিয়ে আছি।
একইসঙ্গে ক্যারিবিয়ান তারকা আরও বলেছেন যে, আমি সব সময়ই পন্থকে সহযোগিতা করতে প্রস্তত আছি, আমার অভিজ্ঞতা দিয়ে পন্থকে সব সময়ই সাহায্য করব। দলের প্রয়োজনে সব সহযোগিতা থাকবে। আমি শুধু নয় সব বিদেশি ক্রিকেটারাই এটা করে থাকে। আমাদের মধ্যে সমন্বয় অত্যন্ত ভালো। উল্লেখ্য এর আগে লখনউ দলকে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্বূ দিয়েছিলেন পুরাণ এবার। এবার দলের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলাস পুরাণ। প্রাক মরশুম প্রস্তুতিতে নিজেকে দ্রুত ঝালিয়ে নিচ্ছেন পুরাণ।
শুধু লখনউ দল নয় সাক্ষাৎকার পর্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন পুরাণ। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বদল হচ্ছে। আমাদের নতুন প্রেসিডেন্ট চেষ্টা করছেন আবার আগের গৌরব ফিরিয়ে আনার। আমরা আবার নতুভাবে শুরু করছি।












Click it and Unblock the Notifications