IPL 2025: আইপিএল রিটেনশন এড়াতে চাইছেন তারকারা, নিলাম আয়োজনের দৌড়ে ভিয়েনা
IPL 2025: আইপিএলের ১০টি দলকেই ৩১ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে তারা কোন ক্রিকেটারদের ধরে রাখছে। কাদের জন্য ব্যবহার করা হবে রাইট টু ম্যাচ কার্ড।
এরই মধ্যে এক অন্যরকম পরিস্থিতিও তৈরি হয়েছে রাইট টু ম্যাচ বিকল্পের জন্য। একাধিক তারকা আইপিএলের রিটেনশন এড়াতে চাইছেন।

ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন ক্রিকেটার (যাঁদের মধ্যে কয়েকজন তারকা রয়েছেন) এড়াতে চাইছেন আইপিএল রিটেনশন। উল্লেখ্য, সম্প্রতি ঋষভ পন্থ এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন, আইপিএল নিলামে অংশ নিলে তাঁর কত দর উঠতে পারে।
পন্থ সম্প্রতি দুবাইয়ে গিয়ে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার কিরণ কুমার গ্রান্ধির সঙ্গে সাক্ষাৎ সেরে এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, পার্থ জিন্দালরাও বলছিলেন, পন্থ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন। এই অবস্থায় পন্থ আচমকা কেন ওই ধরনের টুইট করলেন তা নিয়ে অবাক ক্যাপিটালস কর্তারাও।
তবে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, অনেক ক্রিকেটারই আইপিএল নিলামে নিজেদের বাজার দর যাচাই করে নিতে চাইছেন। রাইট টু ম্যাচ বিকল্প রয়েছে। ফলে কোনও ক্রিকেটারের সর্বাধিক যে দর উঠবে তা তাঁকে ধরে রাখতে চাওয়া দল রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও কিনতে পারবে। যদি তারা না কেনে, তাহলে সর্বাধিক দর দেওয়া দলে খেলবেন ওই ক্রিকেটার।
এমনও হতে পারে রিটেনশনের দরের চেয়ে বেশি দরে বিক্রি হতে পারেন কোনও ক্রিকেটার। আইপিএলের এই নিয়মের জন্য যে এজেন্টদের মাধ্যমে বিদেশিরা আসেন তাঁরা ইতিমধ্যেই দর কষাকষি শুরু করেছেন। যেমন জানা যাচ্ছে হেইনরিখ ক্লাসেনকে ২৩ কোটি টাকায় ধরে রাখতে পারে সানরাইজার্স।
এদিকে, আইপিএল নিলাম হবে নভেম্বরের শেষের দিকে। সৌদি আরবের কোনও শহর বা সিঙ্গাপুরে নিলাম আয়োজনের কথা শোনা যাচ্ছিল। এবার আইপিএলের নিলাম আয়োজনের সম্ভাব্য শহরের তালিকায় যোগ হলো ভিয়েনার নাম। আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা চাইছে দ্রুত এই শহরের নাম চূড়ান্ত হোক। তাহলে সেখানে যাওয়া-আসা-সহ নানা বিষয়ের বন্দোবস্ত সেরে ফেলা যাবে।












Click it and Unblock the Notifications